বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৭ ভাদ্র ১৪৩৩ ।। ২০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জিপিএ-৫ পাওয়া ১ লাখ ১৬ হাজার শিক্ষার্থীকে ট্যাব দেবেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ-গ্যাসে ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে: গণপূর্তমন্ত্রী সীতাকুণ্ডে ‎বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দুই পক্ষের সংঘর্ষ ‎ গওহরডাঙ্গা বেফাকের ৫০তম কেন্দ্রীয় পরীক্ষার পুরস্কার বিতরণী ২০ সেপ্টেম্বর ৫ সেপ্টেম্বর জামিআ ইকরায় ‘খুতুরাতুত তাকফির’ গ্রন্থের মোড়ক উন্মোচন ক্রস বর্ডার অ্যাডুকেশনে সরকার গুরুত্ব দিচ্ছে: শিক্ষামন্ত্রী নাজমুল হুদা মজনুর একজোড়া কাব্য  জ্বালানি, বিদ্যুৎ ও মূল্যস্ফীতি ইস্যুতে কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না: তারেক রহমানকে ট্রাম্প নিজের জীবনের পুরো সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণ ৮৪ বছরের বৃদ্ধের

সীমান্তে নতুন করে সংঘর্ষে জড়াল চীন-ভারত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চীন-ভারতের সীমান্তে উত্তর সিকিমের নাকুলা এলাকায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাঁচ দিন আগের এ ঘটনায় দুপক্ষের সেনারাই আহত হয়েছে বলে জানা গেছে।

বিবিসি জানায়, ভারতের পক্ষ থেকে এটিকে অবশ্য ‘তুচ্ছ ঘটনা’ বলে বর্ণনা করা হয়েছে। আর চীনের পক্ষ থেকে এ নিয়ে কোনো বিবৃতি আসেনি। ভারতীয় সেনা এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ‘নাকুলার ঘটনায় প্রতিষ্ঠিত প্রোটোকল অনুসরণ করে স্থানীয় কমান্ডাররাই বিষয়টির মিটমাট করে নিয়েছেন।’

গত সাত মাসের মধ্যে এই প্রথম ভারতীয় বাহিনীর পক্ষ থেকে চীন সীমান্তে নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্বীকার করে নেওয়া হলো।
এর আগে গত বছরের জুন মাসে লাদাখের গালওয়ান উপত্যকায় দুদেশের সেনাবাহিনীর মধ্যে তীব্র সংঘর্ষে অন্তত ২০জন ভারতীয় সেনা নিহত হয়েছিলেন। সেই সংঘর্ষে চীনের দিকে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

ওই সংঘর্ষের পরে সীমান্তে উত্তেজনা নিরসনের চেষ্টায় দুদেশের মধ্যে সামরিক স্তরে যে আলোচনা শুরু হয়েছিল, তা অবশ্য এখনও অব্যাহত আছে।

রোববার লাদাখের কাছে সীমান্তবর্তী চীনা শহর মালডোতে ওই আলোচনার নবম রাউন্ড অনুষ্ঠিত হয়। তবে সেই বৈঠকে সীমান্ত সমস্যা সমাধানের ক্ষেত্রে বিশেষ অগ্রগতি হয়েছে বলে কোনও ইঙ্গিত নেই। ভারতের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সীমান্তের বিতর্কিত এলাকাগুলো থেকে চীনকে সম্পূর্ণভাবে সেনা প্রত্যাহার করতে হবে এবং নতুন করে কোনও সামরিক স্থাপনা তৈরি করা যাবে না।

কিন্তু চীন লাদাখ থেকে অরুণাচল প্রদেশ পর্যন্ত সুদীর্ঘ সীমান্ত এলাকায় নতুন নতুন রাস্তা, সারফেস-টু-এয়ার মিসাইল পজিশন, হেলিপ্যাড স্থাপন করে চলেছে বলে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে।

এদিকে উত্তর সিকিমের নাকুলায় চীনা ও ভারতীয় বাহিনীর মধ্যে সংঘর্ষের খবর সামনে আসার পর ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আবারও কটাক্ষ করে টুইট করেছেন।

তিনি এদিন সকালে টুইটারে লেখেন, ‘ভারতীয় ভূখণ্ডের ভেতরে চীন তাদের দখলদারির সম্প্রসারণ চালিয়ে যাচ্ছে। অথচ মিস্টার ছাপ্পান্ন ইঞ্চি গত বেশ কয়েক মাস হলো চীন শব্দটা উচ্চারণই করেননি। হয়তো তার এখন চীন কথাটা বলার সময় এসেছে।’

সিকিম এলাকাটি চীনের পাশাপাশি ভুটান ও নেপালের মাঝের একটি ভূখণ্ড। বিশ্বের মধ্যে সবচেয়ে বিরোধপূর্ণ ভূখণ্ড রয়েছে ভারত ও চীনের মধ্যে। উভয় দেশই দাবি করে যে, অন্য দেশের ভেতরে তাদের এলাকা রয়েছে।

নদী, হ্রদ ও বরফে আচ্ছাদিত পাহাড় চূড়াময় ৩ হাজার ৪৪০ কিলোমিটার সীমান্ত এলাকার সবটা পুরোপুরি চিহ্নিত নয়। ফলে অনেক সময় সীমান্তরেখা অদলবদল হতে পারে। অনেক সময় দুই দেশের সৈনিকেরা মুখোমুখি অবস্থানে চলে যায়, যা অনেক ক্ষেত্রে সংঘর্ষের কারণ হয়ে ওঠে। তবে দুই দেশের মধ্যে একমাত্র যুদ্ধ হয়েছে ১৯৬২ সালে, যে যুদ্ধে ভারতের শোচনীয় পরাজয় হয়েছিল।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ