আওয়ার ইসলাম ডেস্ক: ২০২৪ সালে অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় নির্বাচন। ক্ষমতাসীন দল আগের দুটি নির্বাচন প্রহসনের মাধ্যমে জয় করেছে। ২০১৪ সালে বিনা ভোটে নির্বাচন হয়েছে; ২০১৮ সালে হয়েছে জালিয়াতি। এমন অশুভ চিন্তা নিয়ে ২০২৪ সালে বাস্তবায়ন হতে দেওয়া হবে না। জনগণের ভোটাধিকার আদায়ে বিরোধী দলের আন্দোলনকে গুরুত্ব না দিলে আগামী নির্বাচন আগের দুটির মতো হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ১২ দলীয় জোট।
আজ শনিবার (৪ মার্চ) বেলা ১১টায় বিজয়নগর পানির ট্যাংক সংলগ্ন রাস্তায় জোটের উদ্যোগে আয়োজিত পদযাত্রা কর্মসূচির আগে সংক্ষিপ্ত সমাবেশে এ হুঁশিয়ারি দেন বক্তারা। আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-পীড়ন-নির্যাতন, অবৈধ সরকারের পদত্যাগ, খালেদা জিয়াসহ সব রাজবন্দীর মুক্তি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানোসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের ধারাবাহিকতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে বক্তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে সভা-সমাবেশের মাধ্যমে জনগণের ইচ্ছা ও আকাঙ্ক্ষা তুলে ধরছি। সরকারের মতিগতি দেখে মনে হচ্ছে না তারা সমস্যা সমাধানের দিকে যাচ্ছে। জনগণের ভোটাধিকার আদায়ে বিরোধী দলের আন্দোলনে ভ্রুক্ষেপ না করে ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন ও ২০১৮ সালের জালিয়াতি ভোটের মতো কোনো অসৎ উপায় উদ্ভাবনের নেশায় বিভোর হয়ে আছে। জনগণ সরকারের এই অশুভ চিন্তা ২০২৪ সালে বাস্তবায়ন হতে দেবে না।
বক্তারা আরও বলেন, রমজানের আগে এক মাসের ব্যবধানে বিদ্যুতের ৩ বার মূল্য বৃদ্ধির ফলে জনজীবনে দুর্বিষহ দুর্ভোগ নেমে আসবে। দেশের অবস্থা দিনে দিনে ভয়ংকর রূপ নিচ্ছে। দেড়শ টাকার ব্রয়লার মুরগি আড়াইশ টাকায় উঠেছে, নব্বই টাকা ডজনের ফার্মের মুরগির ডিম ১৫৫ টাকায় বিক্রি হচ্ছে। দেশে নীরব দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। সরকার নির্বিকার। গণ হাহাকারের ধ্বনি সরকারের কানে পৌঁছচ্ছে না। এই পরিস্থিতিতে আবারও বিদ্যুতের মূল্য বৃদ্ধি করেছে। দ্রব্যমূল্যের লাগাম টেনে না ধরে আরও মূল্যবৃদ্ধির ব্যবস্থা করে অভাবী মানুষের সঙ্গে নিষ্ঠুর তামাশা করে যাচ্ছে।
যে সরকার জনগণের ন্যায়সঙ্গত অধিকারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলন বরদাস্ত করতে পারে না, সন্ত্রাসী হামলা-মামলা করে আন্দোলনকে বাধা দিচ্ছে সেই সরকার ক্ষমতায় থেকে নির্বাচন করলে কীভাবে বিরোধী দলকে নির্বাচনের মাঠে নির্বিঘ্নে প্রচারণা ও জনগণকে ভোট দিতে দিয়ে নিজেদের নিশ্চিত পরাজয় মেনে নেবে এটা দেশ দুনিয়ার কোনো মানুষকে বিশ্বাস করান যাবে না।