
|
আমাকে দিয়ে চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি কখনো সম্ভব হবে না: হাসনাত আব্দুল্লাহ
প্রকাশ:
২৪ জানুয়ারী, ২০২৬, ১২:১১ দুপুর
নিউজ ডেস্ক |
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও জামায়াত জোটের কুমিল্লা–৪ (দেবীদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তাকে দিয়ে কখনো চাঁদাবাজি, টেন্ডারবাজি কিংবা কোনো ধরনের দুর্নীতি সম্ভব হবে না। তিনি বলেন, সিএনজি চালক, দোকানদারসহ প্রতিটি খেটে খাওয়া মানুষ জানে—হাসনাত আব্দুল্লাহ নির্বাচিত হলে ১০ টাকার জন্যও তিনি কারও কাছে যাবেন না। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিন শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে দেবীদ্বার উপজেলার ভিংলাবাড়ি এলাকায় এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, প্রকাশ্যে কেউ হয়তো অন্য দলের প্রোগ্রামে যায় বা অন্য প্রতীকে মিছিলে অংশ নেয়, কিন্তু ভোট দেওয়ার সময় তারা গোপনে তাকেই ভোট দেবে, কারণ মানুষ জানে তিনি দুর্নীতির সঙ্গে আপস করেন না। তিনি আরও বলেন, গত দেড় বছরে তিনি নিজে কিংবা তার কোনো লোক বা ১০ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশের কেউ কখনো চাঁদা তুলতে যায়নি, বাজার বা হাট দখল করেনি, সিএনজি চালকদের কাছ থেকেও টাকা নেয়নি। তার দাবি, এতদিন রাজনীতিতে নেতা হয়েছে সুবিধাভোগীরা, এবার নেতা হবে কর্ম করে খাওয়া মানুষ, বেকার যুবক, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ও শ্রমজীবী মানুষের মধ্য থেকে। শুক্রবার সকালে তিনি নিউমার্কেট এলাকা থেকে গণসংযোগ শুরু করেন এবং পরে ভিংলাবাড়ি, বিহারমন্ডল মোহনপুর, ছোটনা মোহনপুরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি মাদক, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করে শাপলাকলি প্রতীকে ভোট চান। গণসংযোগকালে স্থানীয় এনসিপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। |