
|
ইসলামের ইজ্জত রক্ষায় আমরা এককভাবে নির্বাচন করছি: পীর সাহেব চরমোনাই
প্রকাশ:
০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:৪৩ সকাল
নিউজ ডেস্ক |
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, যে উদ্দেশ্যকে সামনে রেখে চুয়ান্ন বছর আগে দেশ স্বাধীন করতে গিয়ে লাখো মানুষ শাহাদাত বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন। তা হলো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু যারা এ চুয়ান্ন বছর দেশ পরিচালনা করেছে, তাদের মাধ্যমে এর একটাও আমরা বাস্তবে দেখতে পাইনাই। কিন্তু এদের পরিচালনার মাধ্যমে আমাদের সোনার বাংলাদেশ তামাম দুনিয়ার মধ্যে পাচ পাচবার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। এসব মায়েদের আর্তনাদ আর কতকাল শুনবো? এদেশকে আমরা দুর্নীতিতে কতবার চ্যাম্পিয়ন করবো? সন্তানগুলো পঙ্গু হবে, চক্ষু হারাবে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, এটা আমরা কতদিন দেখব? রোববার (১ ফেব্রুয়ারি) রামগঞ্জ পৌর শিশুপার্কে লক্ষীপুর-০১ আসবে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারীর সমর্থনে নির্বাচনী জনসভায় উপরোক্ত কথা বলেন তিনি। পীর সাহেব চরমোনাই বলেন, মহান আল্লাহ বলেছেন যে জাতি নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে, আমি সে জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাই না। চব্বিশের গণ অভ্যুত্থানের পরে এদেশটাকে সুন্দরভাবে গড়ার একটা সুযোগ এসেছে। এ লক্ষ-উদ্দেশ্য নিয়ে যখন আমরা আওয়াজ তুলেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স। সারা বাংলাদেশের মানুষের সারা ও উদ্দীপনা সেভাবে আমরা দেখতে পেয়েছি। মানুষ পরিবর্তনের পক্ষে যখন আওয়াজ তুলেছিলো তখন একশ্রেণির ক্ষমতালোভী স্বার্থান্বেষী মহল ইসলামের পক্ষের বাক্সের পরিবর্তে তারা আবার ঘোষণা করলো ইসলামের নীতি আদর্শ অনুযায়ী তারা দেশ চালাবেনা, দেশ চালাবে প্রচলিত আইন এবং নীতি আদর্শের মাধ্যমে। তখন আমরা হতভম্ব হয়ে গেলাম। তখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর যে ঘোষণা ছিলো ইসলামের পক্ষের বাক্স তা রক্ষার জন্যে, এবং ইসলামের ইজ্জতকে রক্ষার জন্যে হাতপাখা নিয়ে এককভাবে ২৫৮ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। তিনি বলেন, তারই একটা অংশ লক্ষীপুর-০১ আসন। জাকির ভাইয়ের ব্যাপারে আলাদা করে বলার প্রয়োজন নাই, তবে যতটুকু জানি উনি একজন ভালো মানুষ। তাই আমি আলেম সমাজ, শিক্ষিত সমাজ, শ্রমিক, কৃষক, দিনমজুর, ছাত্র-যুবক ও মা বোনদের বলবো আপনারা যারা ইসলামকে ভালোবাসেন, দেশকে ভালোবাসেন, মানবতার পক্ষের লোক তারা সবাই হাতপাখায় ভোট দিন। কোনোভাবেই নতুন শাড়ীতে পুরোনো লোকদের মাধ্যমে দেশে শান্তির আশা করা বোকামী। হাতপাখার প্রার্থীরা বিজয়ী হলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। খুব স্বল্প সময়ের মধ্যে দেশটাকে সোনার দেশ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ। পীর সাহেব চরমোনাই বলেন, তাই আসুন যারা ইসলামের নামে অনৈসলামিক কাজ করে। ইসলামের নাম দিয়ে গোপনে আমেরিকার সাথে গোপন বৈঠক করে এদের মাধ্যমে আমাদের দেশের মানুষ কখনো শান্তি পেতে পারেনা, শান্তি আসতে পারেনা। তিনি বলেন, আজকে সকল শ্রেণি-পেশার মানুষের এখানে উপস্থিতি দেখে আমার মন বলছে, ইসলামের পক্ষের প্রার্থী, মানবতার কল্যাণের পক্ষের প্রার্থী এবং দেশকে যারা ভালোবাসে তাদের পক্ষের পার্থী হাতপাখার প্রার্থী আল্লাহর রহমতে বিজয়ী হবে। জনসভায় সভাপতির বক্তব্যে আলহাজ্ব জাকির হোসেন পাটোয়ারী দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের রামগঞ্জবাসীর ভোট ও দোয়া প্রত্যাশা করে বলেন, আমি আপনাদের খাদেম হতে চাই। |