
|
হাতিরঝিলে পিকআপের ধাক্কায় পাঠাও চালক নিহত
প্রকাশ:
০২ ফেব্রুয়ারি, ২০২৬, ০৯:৫৩ সকাল
নিউজ ডেস্ক |
রাজধানীর হাতিরঝিল এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী এক পিকআপের ধাক্কায় আব্দুল হামিদ খান (৪৫) নামে এক পাঠাও (রাইড শেয়ারিং) চালক নিহত হয়েছেন। রোববার (১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সোয়া ১২টার সময় হাতিরঝিলের ২ নম্বর গেটের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ বরিশালের বাবুগঞ্জ উপজেলার দক্ষিণ জাহানপুর গ্রামের রফিকুল খানের ছেলে। তিনি বর্তমানে রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কুনিপাড়ায় সপরিবারে বসবাস করতেন। উদ্ধারকারী নিহতের প্রতিবেশী মো. কামরুজ্জামান জানিয়েছেন, আব্দুল হামিদ খাঁন পাঠাও চালক ছিলেন। রোববার রাতে হাতিরঝিল মহানগর প্রজেক্টের ৮ নম্বর রোডে তার ব্যবহৃত মোটরসাইকেলটি রেখে বাসায় যাওয়ার পথে হাতিরঝিল দুই নম্বর গেইটের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে একটি পিকআপ তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১২টা ৪৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বর্তমানে হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি জানানো হয়েছে। এনএইচ/ |