
|
‘ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত শঙ্কামুক্ত নই’
প্রকাশ:
১১ ফেব্রুয়ারি, ২০২৬, ০৫:৩৮ বিকাল
নিউজ ডেস্ক |
ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত শঙ্কামুক্ত নই বলে মন্তব্য করেছেন বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী ও দলটির নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ যতটুকু আছে ভালো, তবে আমি ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত শঙ্কামুক্ত নই। তাতে যত সুন্দর পরিবেশ হোক না কেন, এখানে বহু ইঞ্জিনিয়ারিং আছে। রেজাল্ট হবে একটা, পরিবর্তন করে ঘোষণা করা হবে আরেকটা, এরপরে কেন্দ্র দখল, জাল ভোট দেওয়াসহ বহুবিদ ব্যাপার আছে। তাই আমি রেজাল্টের আগে কোনোভাবেই বলবো না ভোট সুষ্ঠু হয়েছে বা হয়নি। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। তিনি বলেন, মানুষ দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, এখন তারা অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে ভোটাধিকার প্রয়োগ করার অপেক্ষায় আছেন। আমরা প্রশাসনকে বলবো তারা যেন লেভেল প্লেয়িং ফিল্ড রেখে সুন্দর একটা নির্বাচন উপহার দেন, যে নির্বাচনে সব মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। আর প্রশাসন অহেতুক কোনো মানুষকে হয়রানি ও গ্রেফতার করবেন না। ফয়জুল করীম আরও বলেন, ভোটারদের কাছে ভোট একটি আমানত, এর থেকে দামি কোনো জিনিস নেই। এর থেকে ভালোও হতে পারে, খারাপও হতে পারে। এ ভোটের মাধ্যমে, চুরি, চাঁদাবাজি, সন্ত্রাস, বিভিন্ন ধরনের অবৈধ-অনৈতিক কাজ চালু হতে পারে, আবার বন্ধও হতে পারে। এমএম/ |