ভোটার তালিকায় গরমিল পেয়ে ফিরে যাচ্ছে অনেকে : ববি হাজ্জাজ
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৫ দুপুর
নিউজ ডেস্ক

ঢাকা-১৩ আসনের বিএনপি প্রার্থী ববি হাজ্জাজ অভিযোগ করে বলেছেন, বিভিন্ন কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও রিটার্নিং কর্মকর্তার কাছে থাকা ভোটার তালিকার সঙ্গে তাদের পোলিং এজেন্টদের কাছে থাকা তালিকার গরমিল পাওয়া যাচ্ছে। এ কারণে অনেক ভোটার নাম খুঁজে না পেয়ে কেন্দ্র থেকে ফিরে যাচ্ছেন।

বৃহস্পতিবার(১২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪০ মিনিটে মোহাম্মদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

ববি হাজ্জাজ বলেন, নির্বাচন কমিশনের অনলাইন ডেটাবেজ থেকে প্রাপ্ত ভোটার তথ্যের সঙ্গে কেন্দ্রের পোলিং অফিসারদের খাতার মিল পাওয়া যাচ্ছে না। এমনকি তাদের পোলিং এজেন্টদের কাছে থাকা প্রিন্টকৃত তালিকার সঙ্গেও অমিল দেখা দিচ্ছে। এতে ভোটারদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

তিনি আরও জানান, এর আগে ৭টি কেন্দ্র পরিদর্শন করেছেন এবং প্রায় প্রতিটি কেন্দ্রেই এক বা একাধিক ক্ষেত্রে এমন অসঙ্গতি পাওয়া গেছে। এক কেন্দ্রে দীর্ঘ সময় রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলে নাম, জন্মতারিখ ও ঠিকানা দিয়ে পুনরায় খুঁজে বের করার পর ভোটারের নাম পাওয়া গেছে। তবে অনেক ভোটার দীর্ঘ সময় অপেক্ষা না করে ফিরে গেছেন বলেও দাবি করছেন তিনি।

এ পরিস্থিতিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে ববি হাজ্জাজ বলেন, ভোটার তালিকার এই গরমিল নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে পারে। তিনি রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানিয়ে বলেছেন, যেখানে তালিকায় অমিল দেখা যাবে সেখানে যেন প্রিজাইডিং অফিসাররা সময় নিয়ে খুঁজে ভোটারকে সহায়তা করেন— এ মর্মে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীর ‘সুষ্ঠু ভোট হলে ফল মেনে নেওয়া হবে’— এমন বক্তব্যের প্রসঙ্গে ববি হাজ্জাজ বলেন, ভোটাররা যদি স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে পারেন এবং পোলিং এজেন্টদের উপস্থিতিতে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, তাহলে গণতান্ত্রিকভাবে ফল মেনে নেওয়াই আমাদের সবার দায়িত্ব।

 এমএম/