নিজ দলের একমাত্র এমপিকে ফুল দিয়ে বরণ করলেন পীর সাহেব চরমোনাই
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১১:০৪ দুপুর
নিউজ ডেস্ক

এবারের নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের একমাত্র বিজয়ী সংসদ সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন ওলী উল্লাহ। তিনি বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে হাতপাখা প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

ভোটে বিজয়ী হয়ে নির্বাচনের পরদিন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চরমোনাই দরবারে গেলে দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুল দিয়ে বরণ করে নেন।

নির্বাচন কমিশন ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী ওলি উল্লাহ পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট।

এর আগে ১৯৯৬ সালের জুনে অনুষ্ঠিত সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী মাওলানা আব্দুর রশীদ প্রায় ৩০ হাজার ভোট পেয়ে দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন। যদিও সেবার তিনি জয়ী হতে পারেননি, তবে সেই নির্বাচনের ৩০ বছর পর একই আসনে ওলী উল্লাহর বিজয়কে দলটির রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য হিসেবে দেখা হচ্ছে।

তবে এই আসনে ১৯৯৬সালের নির্বাচনে ইসলামী ঐক্যজোটের ব্যানারে দলটির প্রার্থী গোলাম সরোয়ার হিরু মিনার প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। তিনি বিজয়ী হয়েছিলেন।