
|
নিজ হাতে ব্যানার খুলছেন ঢাকা-৯ আসনের এমপি হাবিব
প্রকাশ:
১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ০৭:৫২ বিকাল
নিউজ ডেস্ক |
নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্বাচনী সব ব্যানার ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করতে শনিবার বিকেলে নিজ নির্বাচনী এলাকা মাদারটেকে কর্মসূচি পালন করেন ঢাকা-৯ আসনে বিএনপির বিজয়ী প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। এ সময় তাকে নেতাকর্মীদের সঙ্গে রাস্তায় নেমে নিজ হাতে পোস্টার খুলতেও দেখা যায়। একটি ফেসবুক পোস্টে হাবিবুর রশিদ হাবিব বলেন, সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি নির্দেশনা ও আন্তরিক অনুরোধ, নিজ নিজ এলাকার ব্যানার ফেস্টুন ও বিলবোর্ড দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করে শহরকে সুন্দর ও বাসযোগ্য রাখতে সহযোগিতা করুন। পরিষ্কার পরিচ্ছন্ন শহর গড়া আমাদের সবার দায়িত্ব। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা নয় আসনে ধানের শীষ প্রতীকে জয়ী হয়েছেন হাবিবুর রশিদ। তিনি পেয়েছেন মোট ১ লাখ ১১ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির এনসিপি প্রার্থী মোহাম্মদ জাবেদ মিয়া পেয়েছেন ৫৩ হাজার ৪৬০ ভোট। আর একই আসনে সাবেক এনসিপি নেত্রী ও স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীকে পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। এমএম/ |