
|
সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া রেঙ্গায় চালু হলো ইফতা বিভাগ
প্রকাশ:
২৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:২৬ দুপুর
নিউজ ডেস্ক |
ইলিয়াস মশহুদ সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজারে অবস্থিত শতবর্ষী দ্বীনি বিদ্যাপীঠ জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গা এক ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৪৪৭-৪৮ হিজরি শিক্ষাবর্ষ থেকে জামেয়ায় উচ্চতর ইসলামি ফিকহ ও ফাতওয়া গবেষণা বিভাগ তথা ‘ইফতা বিভাগ’ চালু করার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। শায়খ আরকান আলী (রাহ.) কর্তৃক প্রতিষ্ঠিত এবং খলিফায়ে মাদানি আল্লামা বদরুল আলম শায়খে রেঙ্গা (রাহ.)-এর স্মৃতিবিজড়িত এই প্রতিষ্ঠানে ইফতা বিভাগ চালুর সংবাদে স্থানীয় ও জাতীয় পর্যায়ের ওলামায়ে কেরাম এবং ইলমপিপাসু শিক্ষার্থীদের মাঝে আনন্দের জোয়ার বইছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষ ও অভিজ্ঞ শিক্ষক ও মুফতিদের তত্ত্বাবধানে এই বিভাগের কার্যক্রম চলবে। তবে ইফতা বিভাগে ভর্তি হতে হলে আগ্রহী তালিবুল ইলমদের নির্দিষ্ট কিছু মানদণ্ড পূরণ করতে হবে: শিক্ষাগত যোগ্যতা দাওরায়ে হাদিস ও মিশকাত জামাতের কেন্দ্রীয় পরীক্ষায় মারকাজি সনদের পাশাপাশি উত্তম ফলাফল (আ’লা দরজা) থাকতে হবে। এছাড়া গভীর অধ্যয়ন ও নিরবচ্ছিন্ন মোতালাআর বিশেষ মানসিকতা সম্পন্ন হতে হবে। ভর্তি পরীক্ষার সময়সূচী ও বিষয়সমূহ আগামী রমজান পরবর্তী শাওয়াল মাসেই ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। পরীক্ষার তারিখ : ৯ শাওয়াল ১৪৪৭ হিজরি (২৮ মার্চ ২০২৬) থেকে ১২ শাওয়াল (৩১ মার্চ ২০২৬) পর্যন্ত। সবক শুরু : ১৩ শাওয়াল ১৪৪৭ হিজরি (১ এপ্রিল ২০২৬), বুধবার। মৌখিক পরীক্ষা : হেদায়া (ছালিছ) এবং উর্দু যেকোনো বিষয়ে যেকোনো কিতাব থেকে প্রশ্ন করা হবে। লিখিত পরীক্ষা : হেদায়া (ছালিছ) এবং আরবি ও বাংলায় বিশেষ নিবন্ধ (মাক্বালা) লিখন। প্রয়োজনীয় কাগজপত্র : ভর্তিচ্ছুদের দাওরা ও মিশকাতের মূল সনদ/নম্বরপত্র, মাদরাসা কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র, জন্মসনদ বা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ ছবি জমা দিতে হবে। বিস্তারিত তথ্যের জন্য নিচের মোবাইল নম্বরগুলোতে যোগাযোগ করতে হবে। ০১৭১৬-৮০৪৬৩৪, ০১৭৫৪-৮৮৬৩৬৩, ০১৭১৫-৩৯৬৬৮৫। |