
|
নরসিংদীর শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত
প্রকাশ:
২৭ ফেব্রুয়ারি, ২০২৬, ০৩:৩৭ দুপুর
নিউজ ডেস্ক |
নরসিংদী মাধবদীতে সংঘটিত নির্মম শিশু ধর্ষণ ও হত্যার ঘটনা বর্বরোচিত অপরাধ মানবতা, নৈতিকতা ও আইনের প্রতি চরম অবমাননা বলে মনে করে জমিয়তে উলামায়ে ইসলাম। এ ঘটনা সমগ্র জাতিকে স্তম্ভিত ও ব্যথিত করেছে জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও সমাজের সর্বোচ্চ দায়িত্ব। অপরাধীরা যেই হোক না কেন, তাদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে। বিচার প্রক্রিয়া দীর্ঘসূত্রতা ও প্রভাবমুক্ত হতে হবে, যাতে দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের জঘন্য অপরাধ রোধ করা যায়। তারা সমাজের সর্বস্তরের মানুষকে শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলন গড়ে তুলার এবং নৈতিক শিক্ষা, ধর্মীয় মূল্যবোধ ও পারিবারিক সচেতনতা বৃদ্ধি মাধ্যমে এ ধরনের অপরাধ নির্মূল করার আহ্বান জানান। আল্লাহ তাআলা যেন নিহত শিশুকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করেন। তারা এই দোয়া করেন। তারা সরকার ও প্রশাসনের প্রতি ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে,দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে মামলার নিষ্পত্তি করতে,ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে এবং সারাদেশে শিশু সুরক্ষা জোরদার করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে জোর দাবি জানান। আইএইচ/ |