
|
‘স্বাধীনতার ৫৫ বছর পরও জনগণ বঞ্চিত, গণভোটের রায় বাস্তবায়ন করুন’
প্রকাশ:
২৫ মার্চ, ২০২৬, ০৮:০৬ রাত
নিউজ ডেস্ক |
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মা মুনুল হক। বুধবার (২৫ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ৫৫ বছর অতিক্রান্ত হলেও দেশের সাধারণ মানুষ এখনও স্বাধীনতার প্রকৃত সুফল থেকে বঞ্চিত। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা নিয়ে এ দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, তা আজও বাস্তবায়িত হয়নি। বিবৃতিতে তিনি উল্লেখ করেন, ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লব এবং ১৯৯০ সালের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে দেশের জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ পাওয়ার আশায় বুক বেঁধেছে। কিন্তু দুঃখজনকভাবে প্রতিটি আন্দোলনের পরই ক্ষমতাসীন কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর কাছে সেই আকাঙ্ক্ষাগুলো উপেক্ষিত হয়েছে। তিনি আরও বলেন, ’২৪-এর জুলাই বিপ্লবের পরও দেশের মানুষ নতুন আশায় বুক বেঁধেছিল। কিন্তু বিপ্লব-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব যাদের ওপর ন্যস্ত হয়েছিল, ড. ইউনুসের নেতৃত্বাধীন সেই অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর প্রভাববলয়ে আবদ্ধ হয়ে পড়ে। বিশেষ করে বিএনপির কাছে আত্মসমর্পণের মাধ্যমে তারা জনগণের প্রত্যাশাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। বিবৃতিতে বলা হয়, চব্বিশের বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল ‘জুলাই সনদ’। সেই সনদ বাস্তবায়নে আমরা তৎকালীন সরকারের কাছে বারবার দাবি জানিয়েছি—আগে গণভোট, পরে নির্বাচন। কিন্তু সরকার বিএনপির দাবি মেনে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করে। বর্তমানে ক্ষমতাসীন বিএনপি সরকার গণভোটের রায় বাস্তবায়নে নানা ধরনের টালবাহানার আশ্রয় নিচ্ছে এবং দেশের মানুষকে পরাজিত ফ্যাসিবাদী আওয়ামী রেজিমের মতো আবারও সংবিধানের শিকলে আবদ্ধ করে স্বাধীনতার প্রকৃত সুফল থেকে বঞ্চিত করছে। বিবৃতিতে মাওলানা মা মুনুল হক স্বাধীনতা দিবসের চেতনাকে সামনে রেখে ন্যায়, ইনসাফ ও জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় গণভোটের রায় বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এমএম/ |