অস্ট্রেলিয়ার ভিসা বাতিল নিয়ে যা বললেন মাওলানা আজহারী
প্রকাশ: ০১ এপ্রিল, ২০২৬, ০৪:০৬ দুপুর
নিউজ ডেস্ক

অস্ট্রেলিয়ায় সফর এবং ভিসা বাতিলসংক্রান্ত আলোচিত বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি আলোচক মিজানুর রহমান আজহারী। তিনি জানিয়েছেন, তার সফর নিয়ে যে সংবাদ ছড়িয়েছে, তা একটি বিদেশি প্রতিবেদনের ভুল ও বিভ্রান্তিকর ব্যাখ্যার ফল।

বুধবার (১ এপ্রিল) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আজহারী বলেন, অস্ট্রেলিয়ার মুসলিম কমিউনিটির আমন্ত্রণে তিনি গত পাঁচ দিন ধরে দেশটিতে অবস্থান করছেন। তবে তার ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা হচ্ছে- যা সম্পূর্ণ অসত্য।

তার ভাষ্য অনুযায়ী, ‘এখনো পর্যন্ত আমি এখানে কোনো বক্তব্যই দিইনি। বিষয়টি সাংবাদিকদের জন্য সহজেই যাচাইযোগ্য।’

আজহারী আরও উল্লেখ করেন, বিভিন্ন দেশে বক্তাদের সফর ঘিরে চাপ বা প্রভাব থাকা অস্বাভাবিক নয় এবং তার ক্ষেত্রেও তেমন কিছু ঘটেছে। তিনি দাবি করেন, কিছু স্বার্থান্বেষী মহল ও নাস্তিক্যবাদী পক্ষ পরিকল্পিতভাবে পুরনো ও বিচ্ছিন্ন বক্তব্যকে প্রেক্ষাপটহীনভাবে উপস্থাপন করে প্রশাসনিক সিদ্ধান্তে প্রভাব বিস্তার করেছে।

একই ধরনের ঘটনার উল্লেখ করে তিনি বলেন, একই ভিডিওর সূত্র ধরে কয়েক বছর আগে যুক্তরাজ্যেও তার সফরে বাধা সৃষ্টি করা হয়েছিল।

এ প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরে আজহারী বলেন, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী, যা তার বিভিন্ন আলোচনায় প্রতিফলিত হয়েছে।

আরএইচ/