বগুড়া-শেরপুরের নির্বাচন বাতিলের দাবি জামায়াতে ইসলামীর
প্রকাশ: ১০ এপ্রিল, ২০২৬, ০৫:২৯ বিকাল
নিউজ ডেস্ক

বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। 

শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ থেকে এ দাবি জানান দলের নেতারা। সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন।
 
‘শেরপুরের স্থগিত আসনে ও বগুড়ার উপনির্বাচনে ব্যাপক ভোট ডাকাতি, ভোটকেন্দ্রে হামলা, দখল, জামায়াত নেতাকর্মীদের উপর হামলা ও হত্যাচেষ্টার প্রতিবাদে’ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামায়াতে ইসলামী। সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
 
মিয়া গোলাম পরওয়ার বলেন, বগুড়া ও শেরপুরের নির্বাচনে প্রমাণ হয়েছে—দলীয় সরকারের অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। বৃহস্পতিবারের নির্বাচনে আওয়ামী দুঃশাসন এমনকি বিএনপির আমলে মাগুরার নির্বাচনকেও ছাড়িয়ে গেছে।

বগুড়া ও শেরপুরের নির্বাচন বাতিল করে নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানান জামায়াত সেক্রেটারি। একইসঙ্গে তিনি জামায়াত নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
 
সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, উত্তরের সেক্রেটারি ডা. রেজাউল করিম, দক্ষিণের সহকারী সেক্রেটারি ডা. আবদুল মান্নান প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আশপাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

আইও/