
|
ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত
প্রকাশ:
১২ এপ্রিল, ২০২৬, ০৯:০৩ সকাল
নিউজ ডেস্ক |
‘তৃতীয় ডিআরএমসি ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার-২০২৬’ এর সমাপনী শনিবার (১১ এপ্রিল) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি চিন্তাবিদ ড. মিজানুর রহমান আজহারী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন। তিন দিনব্যাপী এ আয়োজন প্রতিভা বিকাশের এক বিস্তৃত মঞ্চ, যেখানে সৃজনশীলতা ও জ্ঞানের সমন্বয়ে গড়ে উঠে এক অনন্য পরিবেশ। এই উৎসবে এবারের মূলমন্ত্র ‘হাইয়্যা আলাল ফালাহ’ (এসো কল্যাণের পথে), যা ইভেন্টের সার্বিক লক্ষ্য-উদ্দেশ্যের পরিচায়ক। উৎসবে অনলাইন ও অফলাইনে অংশ নেয়ার জন্য ছিল মোট ৩২টি প্রতিযোগিতামূলক সেগমেন্ট, যেখানে অংশগ্রহণকারীরা তাদের জ্ঞান, প্রকাশভঙ্গি ও সৃজনশীলতার সর্বোচ্চ প্রয়োগের সুযোগ পায়। কোরআন তিলাওয়াত, আজান, নাশীদ, উপস্থিত বক্তৃতা, কবিতা আবৃত্তি, ক্যালিগ্রাফি, টাইপোগ্রাফি, ওয়াল ম্যাগাজিন, পোস্টার ও স্ক্র্যাপবুক তৈরি, মেগা কুইজ, দলীয় ও একক কুইজ, বেঙ্গল মুসলিম হেরিটেজ অলিম্পিয়াড, ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ অলিম্পিয়াড, বাইত আল হিকমাহ অলিম্পিয়াড, স্পট দ্য ল্যান্ডমার্ক, প্রবন্ধ রচনা, ইতিহাস ভিত্তিক লেখনী, কনসেপচুয়াল স্টোরি রাইটিং, জুলাইলিপিসহ আরো নানা প্রতিযোগিতায় শতাধিক খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের দুই সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। এছাড়াও কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয়েছিল তিন দিনব্যাপী ইসলামী বইমেলা। দেশের শীর্ষস্থানীয় প্রকাশনীগুলো এ মেলায় অংশগ্রহণ করে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, ক্লাবসমূহের সমন্বয়ক সহযোগী অধ্যাপক মো: জাহেদুল হক, উৎসবের আহ্বায়ক সহযোগী অধ্যাপক মুহাম্মদ সাইফুল ইসলাম, ডিআরএমসি ইসলামিক কালচারাল ক্লাবের মডারেটর প্রভাষক ইবরাহিম আল মামুন, অভিভাবকমণ্ডলী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকবৃন্দ। নতুন প্রজন্মের কাছে ইসলামি সংস্কৃতি ছড়িয়ে দিয়ে শান্তিপূর্ণ নিরাপদ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এ আয়োজন। জেডএম/ |