
|
টাঙ্গাইলে কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধনের তারিখ পয়লা বৈশাখ
প্রকাশ:
১২ এপ্রিল, ২০২৬, ০৫:৪৩ বিকাল
নিউজ ডেস্ক |
টাঙ্গাইলে আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রী হয়ে জেলায় এটি তার প্রথম আগমন। এর আগে গত ৩১ জানুয়ারি তিনি টাঙ্গাইলে জনসভায় এসেছিলেন। প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী টাঙ্গাইল এসে প্রথমে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন। পরে টাঙ্গাইল স্টেডিয়ামে দেশব্যাপী প্রি-পাইলটিং হিসেবে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন। এরপর তিনি কৃষক সমাবেশে ভাষণ দেবেন। শেষে তিনি পৌর উদ্যানে কৃষি মেলার উদ্বোধন করবেন। টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন বলেন, আমাদের ৩১ দফার মধ্যে একটি দফা হচ্ছে- কৃষকদের নিয়ে। সেই লক্ষ্য নিয়ে কৃষক কার্ড বিতরণের জন্য টাঙ্গাইলে আসছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হওয়ার পর এটি হচ্ছে তার দ্বিতীয়বার টাঙ্গাইল জেলায় সফর। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাঙ্গাইলের সীমানা গোড়াই থেকে রাস্তার দুই পাশ থেকে নেতাকর্মীরা প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে টাঙ্গাইলে ব্যাপক উৎসাহ-উদীপনার দেখা মিলেছে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে। টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত বলেন, প্রধানমন্ত্রী আগামী ১৪ এপ্রিল পয়লা বৈশাখে কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করার জন্য আসবেন টাঙ্গাইলে। তার সফরকে সফল করতে নেওয়া হয়েছে সকল প্রস্তুতি। ইতোমধ্যেই সমন্বয় সভাসহ নানা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। টাঙ্গাইলের পুলিশ সুপার মো. শামসুল আলম সরকার বলেন, আগামী ১৪ এপ্রিল প্রধানমন্ত্রী টাঙ্গাইল জেলা স্টেডিয়ামে কৃষক কার্ডের উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী যেসব ভেন্যুতে কর্মসূচি পালন করবেন, সেসব এলাকায় চারস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। টাঙ্গাইল-৫ (সদর) আসনের সংসদ সদস্য ও মৎস্য এবং প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের প্রায় ৮০ ভাগ মানুষ কৃষির সঙ্গে জড়িত। সেই কৃষকদের জন্য আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে এই টাঙ্গাইলের ঐতিহ্যবাহী মাঠ থেকে প্রধানমন্ত্রী কৃষক কার্ড উদ্বোধন করবেন। নবান্নের ঐতিহ্যবাহী উৎসবের সঙ্গে সমন্বয় রেখে দেশের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হবে। তিনি বলেন, কৃষিনির্ভর বাংলাদেশে কৃষকদের উন্নয়নে‘কৃষক কার্ড’ একটি যুগান্তকারী পদক্ষেপ। পয়লা বৈশাখের মতো একটি দিনে টাঙ্গাইলের মাটিতে এই কর্মসূচির উদ্বোধন হওয়ায় এটি জেলার মানুষের জন্য গর্ব ও আনন্দের বিষয়। প্রতিমন্ত্রী বলেন, টাঙ্গাইলের মানুষ এ আয়োজনকে স্বাগত জানিয়েছে এবং তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রধানমন্ত্রীকে বরণ করতে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। পয়লা বৈশাখ উপলক্ষ্যে বৈশাখী মেলা, কৃষি মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। যেখানে দেশের খ্যাতনামা শিল্পীরা অংশ নেবেন। জেডএম/ |