মেধাবী শিক্ষার্থীদের কিতাব দিচ্ছে হাফেজ্জী সেবা ফাউন্ডেশন
প্রকাশ: ১৩ এপ্রিল, ২০২৬, ০৪:৪২ দুপুর
নিউজ ডেস্ক

কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও মেধাবী কওমি শিক্ষার্থীদের মাঝে কিতাব বিতরণের উদ্যোগ নিয়েছে ‘হাফেজ্জী হুজুর রহ. সেবা ফাউন্ডেশন’।

আগামী শুক্রবার (১৭ এপ্রিল) বাদ জুমা মোহাম্মদপুরের ফাউন্ডেশন মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ রজীবুল হক বলেন, ‘আমরা অসহায় মেধাবী শিক্ষার্থীদের মেধা বিকাশে প্রতি বছর এ আয়োজন করে আসছি। এ বছরও আমরা শিক্ষার্থীদের আবেদন অনুযায়ী তাদের কিতাব দিচ্ছি। মাদরাসা শিক্ষার্থীদের মেধা বিকাশের জন্য আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।’

হাফেজ্জী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামিয়াতুল উলূমিল ইসলামিয়ার মুহতামিম মুফতি মাহমুদুল হাসান এবং জামিয়া রাহমানিয়া আরাবিয়ার প্রধান মুফতি মুফতি হিফজুর রহমান।

ফাউন্ডেশনের সভাপতি মাওলানা মুহাম্মদ রজীবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ও কলামিস্ট মাওলানা শরীফ মুহাম্মদ, লেখক, মুহাদ্দিস ও খতিব মাওলানা যাইনুল আবিদীন, মারকাযুদ দাওয়াহর শিক্ষক মাওলানা আবরারুজ্জামান পাহাড়পুরী, বিশিষ্ট লেখক ও কলামিস্ট মাওলানা রুহুল আমীন সাদী, লালমাটিয়া শাহী মসজিদের খতিব মাওলানা মাসরুরুল হক এবং জামিয়া মুহাম্মদিয়া আরাবিয়ার শিক্ষাসচিব মুফতি ইসহাক মাহমুদ।

শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় উৎসাহিত করতে প্রতি বছরই এই কিতাব বিতরণ কর্মসূচি করে আসছে ফাউন্ডেশনটি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই মহতী অনুষ্ঠানে সর্বস্তরের শুভাকাঙ্ক্ষীদের সবান্ধব আমন্ত্রণ জানানো হয়েছে।

আইও/