অস্ত্রের মুখে ইমামের মেয়েকে অপহরণ, ৪৮ ঘণ্টায়ও উদ্ধার হয়নি
প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২৬, ০৮:২৪ রাত
নিউজ ডেস্ক

গাজীপুরের শ্রীপুরে দিনদুপুরে স্থানীয় একটি মসজিদের ইমামের মেয়েকে অপহরণ, পরিবারের সদস্যদের ওপর বর্বরোচিত হামলা এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের ঘটনা ঘটেছে। ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও অপহৃত মাদরাসা ছাত্রীকে উদ্ধার করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ বিরাজ করছে।

জানা যায়, শ্রীপুরের মাওনা এলাকার ইমাম হাদিউল ইসলামের মেয়ে ফারিহা (১৬) স্থানীয় একটি মহিলা মাদরাসার শিক্ষার্থী। দীর্ঘ দিন ধরে একই এলাকার মো. আবিদ (২১) তাকে উত্ত্যক্ত করে আসছিল। পরিবারের পক্ষ থেকে একাধিকবার নিষেধ করা সত্ত্বেও আবিদ তার সহযোগীদের নিয়ে ফারিহাকে কুপ্রস্তাব ও অপহরণের হুমকি দিয়ে আসছিল। মূলত দীর্ঘদিনের এই উত্ত্যক্তকরণ এবং বখাটেপনাই এই ন্যাক্কারজনক ঘটনার মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।

গত মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে মাদরাসায় যাওয়ার পথে মাওনা ফায়ার সার্ভিস সংলগ্ন এলাকা থেকে আবিদ ও তার সহযোগীরা ফারিহাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। স্থানীয়দের চাপের মুখে পরদিন সকালে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হলেও পরিস্থিতি শান্ত হয়নি। ১৫ এপ্রিল সকালে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশি বৈঠক চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অভিযোগ উঠেছে, বেলা ১১টার দিকে আবিদ ও সুমিতের নেতৃত্বে ১০ জনের একটি নামধারী দল এবং আরও ২৫-৩০ জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে হাদিউল ইসলামের বাড়িতে হামলা চালায়। তারা ঘরের দরজা ভেঙে ফারিহাকে টেনে-হেঁচড়ে বের করে আনে। পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং মারধর করে ছাত্রীকে দ্বিতীয়বারের মতো অপহরণ করে নিয়ে যায় তারা।

ভুক্তভোগী পরিবার জানায়, হামলার সময় জাতীয় জরুরি সেবা নম্বর ‍‍`৯৯৯‍‍`-এ কল করা হলেও পুলিশ আসার আগেই অভিযুক্তরা ছাত্রীকে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। হাদিউল ইসলাম আক্ষেপ করে বলেন, আমরা প্রাণভয়ে কিছুই করতে পারিনি। ৪৮ ঘণ্টা পার হয়ে গেছে, এখনও আমার মেয়েকে ফিরে পাইনি।

এদিকে ইমামের মেয়েকে অপহরণের এই ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় সচেতন মহল দ্রুত অপরাধীদের গ্রেফতার এবং ভুক্তভোগী ছাত্রীকে অক্ষত অবস্থায় উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।

আইও/