পাকিস্তান কাঁপল ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে
প্রকাশ: ১৮ এপ্রিল, ২০২৬, ০২:৪৩ দুপুর
নিউজ ডেস্ক

পাকিস্তানে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। রাজধানী ইসলামাবাদ, পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ার, সোয়াত, হাঙ্গু, উত্তর ওয়াজিরিস্তান এবং চিত্রলে সবচেয়ে বেশি কম্পন অনুভূত হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে  এই ভূমিকম্প অনুভূত হয়। পাকিস্তানের আবহাওয়া দপ্তরের অধীন সংস্থা সিসমোলজিক্যাল সেন্টারের তথ্য অনুসারে, ভূমিকম্পের উত্তপত্তিস্থল বা এপিসেন্টার পার্শ্ববর্তী দেশ আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলের কোহ এলাকায় এবং ভু-পৃষ্ঠের ১৯৯ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পে পাকিস্তানের কোথাও থেকে এখন পর্যন্ত নিহত, আহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো সংবাদ আসেনি।

ভৌগলিকভাবে ভারতীয় এবং ইউরেশীয় টেকটনিক প্লেটের ওপর অবস্থানের কারণে পাকিস্তানে ভূমিকম্প বিরল কোনো দুর্যোগ নয়। চলতি এপ্রিলের শুরুর দিকেই দেশটিতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প হয়েছিল। তার আগে ফেব্রুয়ারি মাসে হয়েছিল ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প।

সূত্র : জিও নিউজ

আইও/