হঠাৎ যেকোন কেন্দ্র পরিদর্শনে যেতে পারেন শিক্ষামন্ত্রী
প্রকাশ: ২১ এপ্রিল, ২০২৬, ১২:৫৯ দুপুর
নিউজ ডেস্ক

এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় রাজধানীর এক বা একাধিক কেন্দ্র পরিদর্শনে যাবেন শিক্ষামন্ত্রী। মন্ত্রী কোন কেন্দ্রে যাবেন, তা আগেই গণমাধ্যমকে জানানো হয়। কিন্তু ড. আ ন ম এহছানুল হক মিলন এবার কোন কেন্দ্র পরিদর্শনে যাবেন, তা জানানো হয়নি।

তিনি রাজধানীর কোনো কেন্দ্রে যাবেন, নাকি ঢাকার বাইরের কেন্দ্রে যাবেন; তাও বলতে নারাজ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা। তাদের ভাষ্য, ‘মন্ত্রী কোথায় যাবেন, সেটা মন্ত্রী জানেন। অন্য কাউকে বলেননি।’

বিষয়টি নিয়ে জানতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ও শিক্ষামন্ত্রীর সহকারী একান্ত সচিবের (এপিএস) সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছুই জানাতে রাজি হননি।

২০০১-২০০৬ সালে বিএনপি-জামায়াত জোট সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন এহছানুল হক মিলন। সেসময় সারা দেশে নকলের মচ্ছব ছিল। তিনি তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায় হেলিকপ্টার নিয়ে আকস্মিক বিভিন্ন জেলার কেন্দ্রে গিয়ে নকল ধরে তুমুল আলোচনায় আসেন।

দ্বিতীয় মেয়াদে এবার শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ার পর নেটিজেনরা তার নাম দিয়েছেন ‘হেলিকপ্টার মিলন’। কিছুদিন আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এবারও হেলিকপ্টারে আকস্মিক বিভিন্ন জেলায় যেতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন। পরিদর্শনের নির্দিষ্ট কেন্দ্রের নাম না জানানোয় এ নিয়ে সবার মধ্যে রহস্যের ‍সৃষ্টি হয়েছে।

এদিকে, দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। এতে সারাদেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল-মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখেরও বেশি পরীক্ষার্থী অংশ নিয়েছে। দুপুর ১টায় এ পরীক্ষা শেষ হবে।

জেডএম/