
|
দল চাঙা করতে জমিয়তের মজলিসে আমেলায় যেসব সিদ্ধান্ত হয়
প্রকাশ:
২২ এপ্রিল, ২০২৬, ০১:১৩ দুপুর
নিউজ ডেস্ক |
জমিয়তে উলামায়ে ইসলাম এবারের নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও আশানুরূপ ফলাফল হয়নি। এতে দলটির নেতাকর্মীদের মধ্যে এক ধরনের হতাশা ও স্থবিরতা বিরাজ করে। সেটা কাটিয়ে ওঠার জন্য গত শনিবার (১৮ এপ্রিল) মজলিসে আমেলার বৈঠক করে জমিয়ত। সেখানে দলকে চাঙা করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। দলের পক্ষ থেকে মজলিসে আমেলার চার দিন পর জানানো হয় কার্যবিবরণী। মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত গভীর রাতে জমিয়তের ফেসবুক পেইজে কার্যবিবরণী তুলে ধরা হলো। সেখানে বলা হয়- গত ১৮ এপ্রিল ২০২৬ ঈ. শনিবার বেলা ১১টায় পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মজলিসে আমেলার সভা দলের সম্মানিত সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে রেজুলেশন খাতায় স্বাক্ষরকারী সম্মানিত সদস্যগণ উপস্থিত ছিলেন। সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা এখলাসুর রহমান রিয়াদ। তিলাওয়াতের পর মহাসচিব সভার পূর্বনির্ধারিত এজেন্ডা পড়ে শুনালে মাওলানা ফেরদাউসুর রহমান নারায়নগঞ্জ মহানগর জমিয়তের কাউন্সিল সংক্রান্ত সমস্যা,মাওলানা জামীল আহমদ আনসারী মৌলভীবাজার জেলা জমিয়তের অচলাবস্থা,মাওলানা রূহুল আমীন নগরী নেত্রকোনা জেলা জমিয়তের কাউন্সিলের তারিখ নির্ধারণ এবং মাওলানা মতিউর রহমান গাজিপুরী ঢাকা মহানগর জমিয়তসহ দলের সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনাকে এজেন্ডাভূক্ত করার প্রস্তাব করেন। সভাপতি সাহেবের সম্মতিক্রমে উক্ত বিষয়গুলোকে বিবিধ বিষয়-এ অন্তর্ভুক্ত করা হয়। অতঃপর মহাসচিব গত আমেলার কার্যবিবরণী পাঠ করেন। কিছু শব্দগত সংশোধনীর মাধ্যমে উক্ত কার্যবিবরণী অনুমোদিত হয়। এরপর "বর্তমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণ" এজেন্ডার উপর আলোচনা শুরু হয়। শুরুতে মহাসচিব এই এজেন্ডার উপর হাউজের সামনে বর্তমান প্রেক্ষাপট সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এই বক্তব্যের পর পর্যায়ক্রমে আলোচনায় অংশ নেন দলের সম্মানিত সহ-সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী,সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস তালুকদার,মাওলানা আব্দুল বাসীর, মুফতী নাসিরুদ্দিন খান,মুফতী রাশেদ ইলিয়াস,মাওলানা আহমদ কবীর, মাওলানা শরীফুল ইসলাম,মাওলানা খলিলুর রহমান,মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী,মাওলানা আব্দুল হক কাউসারী, মাওলানা নূর মোহাম্মাদ কাসেমী,এ্যাডভোকেট মোহাম্মাদ আলী,মাওলানা মতিউর রহমান কাসেমী, মাওলানা হুযায়ফা ওমর,মুফতী মাহবুবুল আলম,মাওলানা রফীকুল ইসলাম,মাওলানা রূহুল আমীন নগরী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী,মাওলানা ফয়জুল হাসান খাদিমানী, মাওলানা মতিউর রহমান গাজিপুরী,মাওলানা মোহাম্মাদুল্লাহ জামী,মাওলানা তাফাজ্জল হক আজীজ,সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া ও সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফীসহ অন্যান্য সদস্যবৃন্দ। এই আলোচনা-পর্যালোচনায় আসন্ন স্থানীয় নির্বাচনের প্রস্তুতি ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে গঠনমূলক অনেক প্রস্তাবনা আমেলার সামনে উপস্থাপিত হয়। দুপুর ২.৩০ মিনিটে উম্মুক্ত এই আলোচনা শেষ হলে জোহরের নামাজ ও খাওয়ার বিরতি দেওয়া হয়। বিরতির পর ২য় অধিবেশনে নারায়নগঞ্জ মহানগর জমিয়ত ও মৌলভীবাজার জেলা জমিয়ত সম্পর্কে মাওলানা ফেরদাউসুর রহমান,মাওলানা হারুন,মাওলানা বদরুল ইসলাম ও মাওলানা জামীল আহমদ আনসারীর বক্তব্য শুনা হয়। পরে উভয় অধিবেশনের আলোচনা,পর্যালোচনা ও প্রস্তাবনার আলোকে সর্বসম্মতিক্রমে নিম্নোক্ত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়। ১। পর্যায়ক্রমে সকল সাংগঠনিক জেলায় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হবে। ২। সাংগঠনিক উপকমিটিগুলোকে সক্রিয় করার মাধ্যমে সংগঠনকে শক্তিশালী করা হবে। ৩। আগামী ২৩ এপ্রিল বৃহস্পতিবার দুপুর ১২টায় কেন্দ্রীয় কার্যালয়ে সাংগঠনিক উপকমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। ৪। নারায়নগঞ্জ মহানগর কাউন্সিলকে কেন্দ্র করে সৃষ্ট সমস্যার সমাধানকল্পে ৩ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠিত হয়। উক্ত তদন্ত কমিটির সদস্যগণ হলেন যথাক্রমে সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, যুগ্মমহাসচিব মাওলানা তাফাজ্জল হক আজীজ ও সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী নাসিরুদ্দিন খান। এই কমিটি ২ সপ্তাহের মধ্যে তদন্তকার্য সম্পন্ন করে খাস কমিটির কাছে রিপোর্ট পেশ করবে। উক্ত রিপোর্টের ভিত্তিতে খাস কমিটি পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে। ৫। আগামী ৭ মে বৃহস্পতিবার নেত্রকোনা জেলার কাউন্সিল অনুষ্ঠিত হবে। ৬। মাওলানা বদরুল ইসলাম সাহেবকে সভাপতি, মাওলানা জামীল আহমদ আনসারী সাহেবকে সাধারণ সম্পাদক ও মাওলানা আব্দুল জব্বারকে সাংগঠনিক সম্পাদক করে তাদের উপর মৌলভীবাজার জেলা জমিয়তের পূর্ণাঙ্গ কমিটি গঠন করার দায়িত্ব অর্পণ করা হয়। আগামী ১৪ মে বৃহস্পতিবার তারা মৌলভীবাজার জেলা জমিয়তের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করবেন মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। ৭। আগামী ১লা মে অথবা ৩০ এপ্রিল ঢাকায় মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করার জন্য শ্রমিক জমিয়ত সংক্রান্ত সাব কমিটির আহবায়ক ও সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী নাসিরুদ্দিন খানকে দায়িত্ব প্রদান করা হয়। তিনি সাব কমিটির অন্যান্য সদস্য ও শ্রম বিষয়ক উপকমিটির সহায়তায় এই কর্মসূচী সফল করবেন। ৮। সরকারের প্রতি কওমী সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন, জালানি তেলের সংকট সমস্যার কার্যকর উদ্যোগ গ্রহণ,দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানানো হয়। ৯। ইরান-ইসরাঈল-আমেরিকা যুদ্ধ স্থায়ী ভাবে বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার কার্যকর পদক্ষেপ নিতে বিশ্বনেতাদের আন্তরিক হওয়ার এবং পাক-আফগান সংঘাত নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধানের আহবান জানানো হয়। পরিশেষে আর কোন এজেন্ডা না থাকায় উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে দোয়ার মাধ্যমে সভাপতি সাহেব সভা সমাপ্ত করেন। আইও/ |