
|
ভারতীয় কিশোর হাফেজ জায়েদ সাদিকের কৃতিত্বে হতবাক সবাই
প্রকাশ:
২৬ এপ্রিল, ২০২৬, ১২:০৮ দুপুর
নিউজ ডেস্ক |
ভারতের মহারাষ্ট্রের নাশিক শহরের ১৫ বছর বয়সী হাফেজ সাইয়্যেদ জায়েদ সাদিক জাতীয় পর্যায়ের ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে শহরের সর্বোচ্চ স্কোরার হয়েছেন। তিনি পেয়েছেন ৯৯.৯২৭ পারসেন্টাইল, যা শিক্ষাজগতে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। তার কৃতিত্বে সবাই হতবাক হয়েছেন। অশোক কলেজ নাশিকের এই শিক্ষার্থী একদিকে যেমন একাডেমিক পড়াশোনায় কৃতিত্ব দেখিয়েছেন, অন্যদিকে ধর্মীয় শিক্ষায়ও নজির গড়েছেন। মাত্র ১৫ বছর বয়সেই তিনি পুরো পবিত্র কুরআন হিফজ সম্পন্ন করেছেন। মাদরাসায় প্রাথমিক শিক্ষা শেষে নবম শ্রেণিতে বাড়িতে থেকেই একজন শিক্ষকের তত্ত্বাবধানে ও মায়ের সহায়তায় তিনি হিফজ শেষ করেন। জায়েদের একাডেমিক পারফরম্যান্সও সমানভাবে উজ্জ্বল। দশম শ্রেণিতে ৯৫ শতাংশ নম্বর অর্জনের পর তিনি JEE Main-এর দুই সেশনেই ৯৯-এর বেশি পারসেন্টাইল পান। তার পরিবারের ভাষ্য অনুযায়ী, নিয়মিত পড়াশোনা, সময়ের সঠিক ব্যবহার এবং বাবা-মায়ের সহযোগিতাই তার এই সাফল্যের মূল চাবিকাঠি। জায়েদ একজন শিক্ষিত পরিবারের সন্তান। তিনি মরহুম সাইয়্যেদ সাত্তার আলী রোশনের নাতি, যিনি একজন সম্মানিত স্কুল প্রধান শিক্ষক ছিলেন। কলেজের এক শিক্ষক বলেন, ‘সঠিক পরিকল্পনা ও সময় ব্যবস্থাপনার মাধ্যমে একজন শিক্ষার্থী একসঙ্গে একাডেমিক ও ধর্মীয় শিক্ষায় সফল হতে পারে—জায়েদ তার উজ্জ্বল উদাহরণ।’ বর্তমানে জায়েদ ইঞ্জিনিয়ারিংয়ে উচ্চতর পড়াশোনার প্রস্তুতি নিচ্ছেন। তার এই অর্জনে নাশিকজুড়ে প্রশংসার ঢল নেমেছে। শিক্ষার্থীদের জন্য তিনি এখন এক অনুপ্রেরণার নাম। সূত্র: মুসলিম মিরর জেডএম/
|