
|
শিয়ালের কামড়ে আহত ৭, একজন হাসপাতালে
প্রকাশ:
২৭ এপ্রিল, ২০২৬, ১০:৩১ রাত
নিউজ ডেস্ক |
নীলফামারীর জলঢাকায় হঠাৎ শিয়ালের আক্রমণে অন্তত ৭ জন আহত হয়েছেন। যার মধ্যে একজন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে উপজেলার বালাগ্রাম ইউনিয়নের বিজলির ডাঙা এলাকায় এ-ঘটনা ঘটে। আহতরা হলেন, তোফাজ্জল হোসেন (৫৫), জলিল মিয়া (৫০), মো. জমসেদ আলী (৪৫) ও জামিয়ার হোসেন (৬৫)। আহতদের সবাই একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে তোফাজ্জল হোসেন গরুর খাদ্যের জন্য ভুট্টাক্ষেতে পাতা সংগ্রহ করতে গেলে হঠাৎ একটি শিয়াল তার ওপর ঝাঁপিয়ে পড়ে। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে শিয়ালটি তাদের ওপরও আক্রমণ চালায়। এতে একে একে কয়েকজন আহত হন। পরে শিয়ালটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের দ্রুত উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নন্দা সেন গুপ্তা জানান, শিয়ালের কামড়ে আহত হয়ে সাতজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে ছয়জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তবে একজন গুরুতর আহত হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আইও/ |