
|
চট্টগ্রাম-কক্সবাজার সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত ৩
প্রকাশ:
২৮ এপ্রিল, ২০২৬, ১২:৫১ দুপুর
নিউজ ডেস্ক |
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে গেছে গাড়িতে থাকা তিনজন নিহত হয়েছেন, তবে তাদের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে লোহাগাড়া থানা পুলিশ। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার চুনতি এলাকায় এ ঘটনা ঘটে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল নিশ্চিত করেছেন এ তথ্য। তিনি বলেন, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে খাগড়াছড়ির উদ্দেশে যাচ্ছিল। চুনতি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে হতাহতের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, চট্টগ্রামমুখী কালো রঙের একটি মাইক্রোবাস চুনতির জাঙ্গালিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারায়। এরপর মাইক্রোবাসটি রাস্তার পাশে একটি গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত পাঁচজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। লোহাগড়া ফায়ার স্টেশনের সাব-অফিসার ফিরোজ খান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে নিহতদের মরদেহ উদ্ধার করি। আমরা আসার আগেই আহতদের হাসপাতালে নিয়ে গেছেন স্থানীয়রা। মারা যাওয়াদের পরিচয় শনাক্ত করা যায়নি, তবে তারা ক্ষুদ্র-নৃগোষ্ঠী। জেডএম/ |