কালবৈশাখী ঝড় ও বন্যার পূর্বাভাস: ক্ষতি এড়াতে করণীয়
প্রকাশ: ২৮ এপ্রিল, ২০২৬, ০৯:৫৪ রাত
নিউজ ডেস্ক

ইমরান ওবাইদ, সাব-এডিটর

মেঘলা আকাশ। দিনের পুরোটা সময়জুড়ে বৃষ্টি-বৃষ্টি ভাব। দেশের কোনো কোনো জেলায় ইতোমধ্যেই বারকয়েক হয়ে গেছে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি। তছনছ হয়ে গেছে অনেকের মাথা গোঁজার ঠাঁই। নষ্ট হয়েছে ফসলি জমি। বর্ষণ, ভারি বর্ষণ বা হালকা বৃষ্টি কমবেশি সবখানেই লেগে আছে। বৈশাখের এই সময় শহুরে মানুষ কিছুটা নিরাপদে থাকলেও, গ্রামাঞ্চলে মানুষের জীবন কাটে শঙ্কার মাঝে। ইতোমধ্যেই নিম্নাঞ্চলগুলোতে বন্যার পূর্বাভাস জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

প্রতি বছরই চৈত্র-বৈশাখে কমবেশি এমন রূপ দেখা যায়। প্রকৃতির এই নিয়মে পরিবর্তন আনা সম্ভব নয়। তবে সঠিক প্রস্তুতি, সময়োপযোগী সতর্কবার্তা মেনে চললে ক্ষতির রেশ অনেকটাই কমিয়ে আনা সম্ভব। তাই আমাদের উচিত, দুর্যোগপূর্ণ সময়ে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলা।

আওয়ার ইসলামের পাঠকদের জন্য কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি আর বন্যার এই সময়ে বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী করণীয়র একটি তালিকা নিচে দেওয়া হলো—

ঝড়-তুফানের সময় বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চাওয়া এবং দোয়া পড়া জরুরি। বিশেষভাবে সবার পরিচিত দোয়া—‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লাবিল্লাহ’ পড়া যেতে পারে। অন্তরে পূর্ণ বিশ্বাস রাখা—একমাত্র আল্লাহ তায়ালাই পারেন, এই কঠিন সময়ে আমাদের সুস্থ রাখতে। পাশাপাশি নিচে দেওয়া বিশেষজ্ঞদের পরামর্শগুলো আমাদের মানা উচিত।

১. নিয়মিত আবহাওয়া সংবাদের ওপর নজর রাখুন এবং প্রশাসনিক সতর্কবার্তা মেনে চলুন।

২. মজবুত ঘর বা আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিন। কাঁচা ঘর বা জরাজীর্ণ দালান থেকে দূরে থাকুন।

৩. পুরনো দালান বা দেয়াল সর্বদাই এড়িয়ে চলুন।

৪. কাচের দরজা-জানালা পর্দা দিয়ে ঢেকে দিন, যাতে ভেঙে গেলে ঘরে কাচ ছড়িয়ে না পড়ে।

৫. বাড়ির জানালা-দরজা ভালোভাবে লাগিয়ে রাখুন।

৬. ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।

৭. বাচ্চাদের প্রতি বিশেষ নজর রাখুন।

৮. ঘরে পর্যাপ্ত শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ রাখুন।

৯. টিউবওয়েলের পানি ব্যবহারের আগে বিশুদ্ধ কি না নিশ্চিত হয়ে নিন।

১০. প্রয়োজনীয় কাগজপত্র ওয়াটারপ্রুফ ফাইলে রাখুন।

১১. ঝড়ের তীব্রতা বাড়লে ঘরের মূল বিদ্যুৎ এবং গ্যাসের লাইন বন্ধ করে দিন।

১২. ঝড় ও বজ্রপাতের সময় বৈদ্যুতিক সরঞ্জাম, ফ্যান বা ফ্রিজ স্পর্শ করবেন না।

১৩. বাড়ির ইলেকট্রিক সংযোগ বন্ধ করে দিন, প্রয়োজনে মেইন সুইচ বন্ধ রাখুন।

১৪. এ সময়ে মোবাইল ফোন চার্জ দেবেন না।

১৫. মোমবাতি বা ব্যাটারিচালিত কোনো আলো হাতের কাছে রাখুন।

১৬. রাস্তায় থাকলে লুকানোর জায়গা খুঁজে নিন। না পেলে ঝড়ের দিকে মুখ করে ঝুঁকে থাকুন।

১৭. সম্ভব হলে চশমা বা মাস্ক ব্যবহার করুন।

১৮. ঝড়ের মধ্যে গাড়ি চালানো বিপজ্জনক, তাই গাড়ি চালানো থেকে বিরত থাকুন।

১৯. নিরাপদ স্থানে গাড়ি দাঁড় করিয়ে রাখুন।

২০. গবাদি পশুকে নিরাপদ স্থানে সরিয়ে নিন। তার বাঁধন খুলে দিন, যাতে প্রয়োজনে নিজেকে বাঁচাতে পারে।

২১. ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ করুন।

২২. গুজবে কান দেবেন না এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকুন।

আইও/