
|
মসজিদে হারাম ও মসজিদে নববিতে আজ জুমার খুতবা দেবেন যারা
প্রকাশ:
০১ মে, ২০২৬, ১১:২৬ দুপুর
নিউজ ডেস্ক |
সৌদি আরবে আজ ১৪ জিলকদ ১৪৪৭ হিজরি। জিলকদ মাসের দ্বিতীয় জুমা। পবিত্র হজের সময় হওয়ায় এদিন পবিত্র মসজিদে হারাম ও মসজিদে নববিতে মুসল্লিদের ব্যাপক সমাগম ঘটবে। এদিন জুমার নামাজে ইমামতি করবেন দুইজন বিশিষ্ট আলেম ও কারী। মক্কার মসজিদে হারামে জুমার নামাজ পরিচালনা করবেন শায়খ উসামাহ খাইয়াত। দীর্ঘদিন ধরে তিনি হারাম শরিফে ইমামতির দায়িত্ব পালন করে আসছেন। ১৯৫৬ সালে মক্কায় জন্ম নেওয়া এই আলেম উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন উম্মুল কুরা ইউনিভার্সিটি থেকে। একই বিশ্ববিদ্যালয়ে তিনি বর্তমানে দাওয়াহ ও উসুলে দীন অনুষদের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি সৌদি শুরা কাউন্সিলের সদস্য। তার পরিবারও ধর্মীয় অঙ্গনে সুপরিচিত। তার বাবা শায়খ আব্দুল্লাহ খাইয়াত একসময় মসজিদে হারামের ইমাম ও খতিব ছিলেন। পারিবারিক সেই ধারাবাহিকতায় ১৯৯৭ সাল থেকে শায়খ উসামাহ খাইয়াতও হারাম শরিফে ইমামতির দায়িত্ব পালন করছেন। অন্যদিকে মদিনার মসজিদে নববিতে জুমার নামাজে ইমামতি করবেন ড. আহমদ ইবনে আলী আল হুজাইফি। তিনি বিশ্বখ্যাত কারি ও মসজিদে নববির প্রবীণ খতিব শায়খ আলী আল হুজাইফির ছেলে। ড. আহমদ আল হুজাইফি ইসলামিক ইউনিভার্সিটি অব মদিনা থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করেন এবং সেখানে শিক্ষকতাও করেন। বর্তমানে তিনি তাইবাহ ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক। ২০১৯ সাল থেকে তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি মদিনার ঐতিহাসিক মসজিদে কুবার ইমাম ও খতিব ছিলেন। সূত্র: ইনসাইড দ্য হারামাইন আইও/ |