জ্বালানি সম্পদে বিদেশি লুটপাটের সুযোগ দেওয়া যাবে না: গাজী আতাউর রহমান
প্রকাশ: ০২ মে, ২০২৬, ০৫:৫৪ বিকাল
নিউজ ডেস্ক

দেশের তেল-গ্যাস অনুসন্ধান কার্যক্রমে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার পাশাপাশি জাতীয় স্বার্থ ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান।

শনিবার (২ মে) এক বিবৃতিতে তিনি বলেন, জ্বালানি আমদানি-নির্ভরতা কমিয়ে জ্বালানি সার্বভৌমত্ব গড়ে তুলতে দেশের অভ্যন্তরে জ্বালানি অনুসন্ধান অত্যন্ত জরুরি। সরকার এ বিষয়ে মনোযোগী হওয়ায় তা ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। তবে জ্বালানি অনুসন্ধান ও ব্যবসা বর্তমান বিশ্বের অন্যতম স্পর্শকাতর খাত হওয়ায় এ বিষয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে।

ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, জ্বালানি অনুসন্ধানের ইতিহাসে বহুবার লুটপাট, অবিচার ও বৈষম্যমূলক চুক্তির নজির দেখা গেছে। অনেক সময় এমন শর্তে চুক্তি করা হয়, যাতে দেশের সম্পদ ব্যবহার হলেও প্রকৃত সুফল জনগণ পায় না। তাই তাড়াহুড়ো না করে দেশীয় বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং বহুমাত্রিক পর্যালোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের কর্মকর্তাদের বরাতে জানা যাচ্ছে, বিনিয়োগকারীদের বিভিন্ন আপত্তির জায়গা—যেমন গ্যাসের মূল্য নির্ধারণ, পাইপলাইন ব্যয় পুনরুদ্ধার ও কাজের বাধ্যবাধকতার শর্ত—পুনর্বিবেচনা করে নতুন মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) সংশোধন করা হয়েছে। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান উড ম্যাকেঞ্জির সুপারিশেও নানা পরিবর্তন আনা হয়েছে।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, বিদেশি বিনিয়োগকারীদের প্রধান লক্ষ্য থাকে মুনাফা অর্জন। তারা স্বাভাবিকভাবেই নিজেদের স্বার্থকে প্রাধান্য দেয়। আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানগুলোর ভূমিকাও প্রশ্নের ঊর্ধ্বে নয়। তাই দেশের মাটি ও সমুদ্রের নিচে থাকা সম্পদ রক্ষায় সরকারকে আরও সচেতন হতে হবে।

বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের সম্পদ ব্যবহারের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করতে হবে। কোনো বিদেশি স্বার্থান্বেষী গোষ্ঠী যেন দেশের সম্পদ লুটেপুটে নিতে না পারে, সে বিষয়ে সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। একই সঙ্গে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার পাশাপাশি জাতীয় সম্পদের নিরাপত্তাও সমানভাবে নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

আইও/