
|
আগামী ৫৪ বছরে কোন ঋতুতে কতবার হবে হজ, জানালেন সৌদি বিশেষজ্ঞ
প্রকাশ:
০৩ মে, ২০২৬, ০৮:১৬ সকাল
সালেহ্ বিপ্লব |
আগামী ৫৪ বছরে পবিত্র হজ কোন কোন ঋতুতে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেছেন সৌদি আবহাওয়া ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ আবদুল্লাহ আল-মুসনাদ। তিনি জানান, হিজরি সনের চন্দ্রভিত্তিক গণনার কারণে প্রতি বছর হজের সময় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। এর ফলে নির্দিষ্ট সময় পরপর হজ চারটি ঋতুতেই ঘুরে ফিরে অনুষ্ঠিত হয়। প্রকাশিত তথ্য অনুযায়ী, আগামী ৫৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি বার হজ অনুষ্ঠিত হবে শীত ও বসন্তকালে। অন্যদিকে সবচেয়ে কম হবে গ্রীষ্মকালে। পরিসংখ্যানে বলা হয়েছে, শীতকালে মোট ১৭ বার হজ অনুষ্ঠিত হবে। এর প্রথম ধাপ ১৪৫৪ হিজরি থেকে ১৪৬১ হিজরি পর্যন্ত এবং দ্বিতীয় ধাপ ১৪৮৭ হিজরি থেকে ১৪৯৫ হিজরি পর্যন্ত চলবে। বসন্তকালে হজ অনুষ্ঠিত হবে মোট ১৫ বার। এ সময়কাল হবে ১৪৪৭ হিজরি থেকে ১৪৫৩ হিজরি এবং ১৪৭৯ হিজরি থেকে ১৪৮৬ হিজরি পর্যন্ত। এছাড়া শরৎকালে ১৩ বার হজ অনুষ্ঠিত হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এর সময়সীমা ১৪৬২ হিজরি থেকে ১৪৬৯ হিজরি এবং ১৪৯৬ হিজরি থেকে ১৫০০ হিজরি পর্যন্ত। অন্যদিকে গ্রীষ্মকালে মাত্র ৯ বার হজ অনুষ্ঠিত হবে। এই সময়কাল ধারাবাহিকভাবে ১৪৭০ হিজরি থেকে ১৪৭৮ হিজরি পর্যন্ত বিস্তৃত থাকবে। বিশেষজ্ঞদের মতে, আগামী বছরগুলোতে হজ ধীরে ধীরে তুলনামূলক শীতল আবহাওয়ার দিকে অগ্রসর হওয়ায় হাজিদের জন্য ইবাদত পালনে কিছুটা স্বস্তি সৃষ্টি হতে পারে। সূত্র: সৌদি নিউজ জেডএম/ |