ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
প্রকাশ: ০৪ মে, ২০২৬, ০৩:১৫ দুপুর
নিউজ ডেস্ক

ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

সোমবার (৪ মে) দুপুর পৌনে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের কুমারগাতার মনতলা সমিতিঘর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ জানায়, জামালপুরের নান্দিনা থেকে ছেড়ে আসা ময়মনসিংহ গামী একটি সিএনজি চালিত অটোরিকশার সাথে বিপরীতগামী একটি বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজি অটোরিকশার ৩ নারী যাত্রী নিহত হন।

গুরুতর আহত হন সিএনজি অটোরিকশা চালক ও অপর এক পুরুষ যাত্রী। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আর ও একজনের মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন বলেন, ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করি। ট্রাক ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে। নিহত তিন নারীর পরিচয় শনাক্ত করা যায় নি। মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, ‘খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়। ট্রাকটি সরানোর জন্য ময়মনসিংহ থেকে ক্রেন আনা হচ্ছে। তিনটি লাশ উদ্ধার করা হয়েছে এবং আহত দুইজনকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হলে হাসাপাতালে আরও এক যাত্রী মারা গেছে। এ ঘটনায় মোট ৪ যাত্রী নিহত হয়েছে এবং নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

জেডএম/