
|
ম্যালেরিয়া জ্বরে অনার্স শিক্ষার্থীর মৃত্যু
প্রকাশ:
০৪ মে, ২০২৬, ০৪:৪৬ দুপুর
নিউজ ডেস্ক |
চট্টগ্রামের মিরসরাইয়ে ম্যালেরিয়া জ্বরে মৃত্যু হয়েছে ইমতিয়াজ রাহিক (২১) নামে এক অনার্স শিক্ষার্থীর। সোমবার (৪ মে) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইমতিয়াজ উপজেলার কাটাছরা ইউনিয়নের ওয়াছিল ভুঁইয়া বাড়ির হোসাইন সওদাগরের দ্বিতীয় ছেলে এবং চট্টগ্রাম সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। ইমতিয়াজের মামা মো. রিয়াদ হোসেন বলেন, আমার ভাগিনা ইমতিয়াজ রাহিক কিছুদিন ধরে জ্বরে ভুগছিল। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়িতে যায়। রোববার বিকেলে আবার শরীর খারাপ লাগলে মিঠাছরা জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে রাত ২টার দিকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৮টায় মারা যায়। সোমবার বাদ মাগরিব ওয়াহেদুন্নেচ্ছা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে দাফন করা হবে। চট্টগ্রাম মেডিকেলের মেডিসিন বিভাগের দায়িত্বরত চিকিৎসক নুরতোমিজ ভুঁইয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, জ্বরে আক্রান্ত হয়ে ইমতিয়াজের পুরো শরীরে ভাইরাস ছড়িয়ে পড়েছে। আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আইও/ |