
|
উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা
প্রকাশ:
০৫ মে, ২০২৬, ০৮:২৯ রাত
নিউজ ডেস্ক |
দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হওয়ায় সামগ্রিক বন্যা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। আগামী কয়েক দিনে উজান ও অভ্যন্তরীণ অঞ্চলে বৃষ্টিপাত বাড়তে পারে। এতে করে সিলেট ও সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের নিম্নভূমিতে পানি আরও বৃদ্ধি পেয়ে দুর্ভোগ বাড়তে পারে। মঙ্গলবার (৫ মে) এমনই পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। পাউবো জানিয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের মোট ৯টি নদী ১১টি পয়েন্টে প্রাক-মৌসুমি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেটের কুশিয়ারা নদী ফেঞ্চুগঞ্জ পয়েন্টে, সুনামগঞ্জের কুশিয়ারা নদী মারকুলি পয়েন্টে ও নালজুর নদী জগন্নাথপুর পয়েন্টে, নেত্রকোনার বাউলাই নদী খালিয়াজুড়ি পয়েন্টে, ভুলাই-কংস নদী জারিরাজাঞ্জাইল পয়েন্টে, সো মেশ্বরী নদী কলমাকান্দা পয়েন্টে, মগরা নদী নেত্রকোনা ও আটপাড়া পয়েন্টে, হবিগঞ্জের কালনি-কুশিয়ারা নদী আজমেরিগঞ্জ পয়েন্টে, সুতাং নদী সুতাং-রেলওয়ে ব্রিজ পয়েন্টে এবং মৌলভীবাজারের মনু নদী মৌলভীবাজার পয়েন্টে প্রাক-মৌসুমি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার প্রধান নদীগুলোর মধ্যে সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল বৃদ্ধি পেয়েছে, ধনু-বাউলাই নদীর পানি সমতল স্থিতিশীল আছে এবং ভুগাই-কংস নদীর পানি সমতল হ্রাস পেয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের উজানে এবং অভ্যন্তরে হাওর অববাহিকায় কোনো উল্লেখযোগ্য বৃষ্টিপাত হয়নি। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এই অঞ্চলে আগামী একদিন হালকা থেকে মাঝারি এবং পরবর্তী দুই দিন মাঝারি-ভারী থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট, সুনামগঞ্জের সুরমা-কুশিয়ারা নদীর পানি সমতল আগামী তিন দিন ধীরগতিতে বৃদ্ধি পেতে পারে। ফলে সিলেট ও সুনামগঞ্জের কুশিয়ারা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে। নেত্রকোনার ভুগাই-কংস ও সোমেশ্বরী নদীর পানি সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। এ জেলার ভুগাই-কংস অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। নেত্রকোনা ও কিশোরগঞ্জের ধনু-বাউলাই নদীর পানি সমতল আগামী তিন দিন স্থিতিশীল থাকতে পারে। এই অববাহিকার হাওর সংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এদিকে মৌলভীবাজারের মনু নদীর পানি আগামী একদিন বৃদ্ধি পেতে পারে এবং পরবর্তী দুই দিন স্থিতিশীল থাকতে পারে। জুড়ি নদীর পানি আগামী একদিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিন বৃদ্ধি পেতে পারে। অপরদিকে হবিগঞ্জের খোয়াই নদীর পানি আগামী একদিন স্থিতিশীল থাকতে পারে এবং পরবর্তী দুই দিন বৃদ্ধি পেতে পারে। সুতাং নদীর পানি আগামী তিন দিন হ্রাস পেতে পারে। ফলে হবিগঞ্জের বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। আইও/ |