
|
মুসলিম বিশ্বের ঐক্য ও স্থিতিশীলতায় সৌদি-তুরস্ক বৈঠক
প্রকাশ:
০৭ মে, ২০২৬, ০৮:৩১ সকাল
নিউজ ডেস্ক |
মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ দুই প্রভাবশালী দেশ সৌদি আরব ও তুরস্কের মধ্যে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার হয়েছে। বুধবার (৬ মে) তুরস্কের রাজধানী আঙ্কারায় দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মুসলিম বিশ্বের চলমান সংকট, আঞ্চলিক নিরাপত্তা, অর্থনৈতিক সহযোগিতা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের বিষয় গুরুত্ব পায়। সৌদি পররাষ্ট্রমন্ত্রী এ সময় বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান-এর শুভেচ্ছা প্রেসিডেন্ট এরদোয়ানের কাছে পৌঁছে দেন। জবাবে প্রেসিডেন্ট এরদোয়ান সৌদি নেতৃত্বের প্রতি শুভেচ্ছা জানিয়ে মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে মুসলিম বিশ্বের প্রধান শক্তিগুলোর মধ্যে সমন্বয় ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হওয়া প্রয়োজন। বৈঠকে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। একই সঙ্গে মুসলিম বিশ্বের স্থিতিশীলতা ও উন্নয়নে যৌথ উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতিও ব্যক্ত করা হয়। জেডএম/ |