পশ্চিমবঙ্গে ভোটপরবর্তী সহিংসতার ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ
প্রকাশ: ০৮ মে, ২০২৬, ০৯:৫২ সকাল
নিউজ ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচন-পরবর্তী সহিংসতা ও সংখ্যালঘু মুসলিম ব্যবসায়ীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, নির্বাচনের পর যেভাবে সাম্প্রদায়িক উস্কানি ও ভাঙচুরের ঘটনা ঘটছে, তা কোনো সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

বুধবার (৭ মে) গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির বিজয়ের পর কয়েকটি এলাকায় সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যম ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, কলকাতার নিউমার্কেট এলাকায় বুলডোজার দিয়ে দোকানপাট ভাঙচুর করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অধিকাংশই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বলে জানা গেছে।

তিনি অভিযোগ করেন, হামলা ও ভাঙচুরের সময় উগ্র স্লোগান দেওয়া হয় এবং পুরো এলাকায় বিজেপির পতাকা বহনকারী কর্মী-সমর্থকদের উপস্থিতি দেখা যায়। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা দেখা যায়নি বলেও মন্তব্য করেন তিনি।

অধ্যক্ষ ইউনুছ আহমদ বলেন, যে নির্বাচন বা গণতান্ত্রিক প্রক্রিয়া সংখ্যালঘুদের নিরাপত্তাহীনতার কারণ হয়ে দাঁড়ায়, তা প্রকৃত গণতন্ত্রের চেতনার সঙ্গে যায় না। রাজনৈতিক মতভেদ থাকতে পারে, কিন্তু কোনো অবস্থাতেই সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর হামলা, ভয়ভীতি বা সম্পদ ধ্বংসকে গ্রহণযোগ্য বলা যায় না।

তিনি বিজেপি কর্মীদের বিরুদ্ধে উগ্র সাম্প্রদায়িক আচরণের অভিযোগ এনে এর তীব্র নিন্দা জানান এবং ভারত সরকারের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সংখ্যালঘুদের জানমাল ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক ও প্রশাসনিকভাবে দায়িত্বশীল আচরণ করার জন্য বিজেপির প্রতিও আহ্বান জানান তিনি।

 এমএম/