
|
প্রথম স্ত্রীর ইন্তেকালে ফের বিয়ে করলেন হেফাজত মহাসচিব
প্রকাশ:
০৮ মে, ২০২৬, ১০:৩০ দুপুর
নিউজ ডেস্ক |
হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা শায়েখ সাজিদুর রহমান পুনরায় বিয়ে করেছেন। প্রথম স্ত্রী ইন্তেকাল করায় বৃহস্পতিবার (৭ মে) রাতে নিজ এলাকা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামে পারিবারিক আয়োজনে তার দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়। পারিবারিক সূত্রে জানা গেছে, নববধূ আমাতুর রহমান ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর গ্রামের বাসিন্দা মাওলানা মাকবুল হাসানের মেয়ে। কয়েক মাস আগে তার স্বামী মারা যান। আগের সংসারে তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। এর আগে মাওলানা সাজিদুর রহমানের প্রথম স্ত্রী গত ৩০ মার্চ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। দীর্ঘ দাম্পত্য জীবনে তাদের চার ছেলে ও দুই মেয়ে রয়েছে। স্ত্রীর মৃত্যুর পর পারিবারিক ও ব্যক্তিগত প্রয়োজন বিবেচনায় তিনি পুনরায় বিয়ে করেছেন বলে ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন। বিয়ের অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়ার কয়েকজন বিশিষ্ট আলেম, মাদ্রাসাশিক্ষক ও দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন ভাদুঘর জামিয়া সিরাজিয়া দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা তানভিরুল হক সিরাজী, বিজেশ্বর মাদ্রাসার মুহাদ্দিস খুরশীদুল ইসলাম এবং কাউতলী ইব্রাহিমিয়া মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল মাহফুজুল হাসান। মাওলানা সাজিদুর রহমান দেশের অন্যতম শীর্ষ আলেম। তিনি হেফাজতে ইসলামের মহাসচিব, ব্রাহ্মণবাড়িয়ার জামিয়া দারুল আরকামের প্রিন্সিপাল এবং জামিয়া ইউনূসিয়ার শাইখুল হাদিস। এছাড়া তিনি কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল-হাইয়্যাতুল উলয়ার কো-চেয়ারম্যান এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহসভাপতি। আইও/ |