
|
পুকুরে ডুবে প্রাণ গেল মাদরাসা ছাত্রের
প্রকাশ:
০৯ মে, ২০২৬, ০১:৪৯ দুপুর
নিউজ ডেস্ক |
কক্সবাজারের পেকুয়ায় গোসল করতে নেমে পুকুরে ডুবে মেহেদী হাসান মারুফ (১৮) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (৯ মে) সকাল ৯টার দিকে উপজেলার আন্নরআলী মাতবর পাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মেহেদী হাসান মারুফ পেকুয়া আনোয়ারুল উলুম ইসলামিয়া আলিম মাদরাসার আলিম দ্বিতীয় বর্ষের ছাত্র এবং একই এলাকার মিজবাহ উদ্দীন বাবুলের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, মেহেদী হাসান মারুফ দীর্ঘদিন ধরে থ্যালাসেমিয়া রোগে ভুগছিলেন। তাকে নিয়মিত রক্ত গ্রহণ করতে হতো। শনিবার সকালে চুল কাটার পর নিজ বাড়ির পুকুরে গোসল করতে নামেন তিনি। একপর্যায়ে পানিতে ডুবে যান। পরে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পেকুয়া উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাহাবুব আলম পরিবারের বরাত দিয়ে জানান, জন্মের পর থেকেই মারুফ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। কয়েক মাস পরপর তাকে শরীরে রক্ত দিতে হতো। সকালে গোসল করতে নেমে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। জেডএম/ |