নেজামে ইসলাম পার্টির আমিরের জানাজা ও দাফন সম্পন্ন
প্রকাশ: ০৯ মে, ২০২৬, ০৪:৫৩ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির আমির, হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির এবং চট্টগ্রামের লোহাগাড়া পদুয়া হেমায়তুল ইসলাম মাদরাসার মুহতামিম মাওলানা সরওয়ার কামাল আজিজীর জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শনিবার (৯ মে) বাদ জোহর চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া হেমায়তুল ইসলাম মাদরাসা প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার ইমামতি করেন চট্টগ্রাম নানুপুর ওবায়দিয়া মাদরাসার শায়খুল হাদিস মাওলানা কুতুব উদ্দিন নানুপুরী।

জানাজায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত হাজারো মুসল্লি অংশ নেন। উপস্থিত ছিলেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির নির্বাহী আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মহাসচিব মুফতি মুসা বিন ইযহার, নায়েবে আমির আব্দুর রহমান চৌধুরী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শামসুল ইসলাম, পটিয়া মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা জাকারিয়া আজহারী, জিরি মাদরাসার মুহতামিম মাওলানা খোবাইব বিন তৈয়ব, চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা সৈয়দ নোমান, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মীর ইদ্রিস, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী এবং বিএনপি নেতা নাজমুল মোস্তফা আমীনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

মাওলানা সরওয়ার কামাল আজিজী গতকাল শুক্রবার (৮ মে) ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

প্রবীণ এই নেতা দীর্ঘদিন ধরে দেশের ধর্মীয় ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। রাজনৈতিক জীবনে তিনি ১৯৮১ সালে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন শুরু করেন। পরে ১৯৮৪ সালে যুগ্ম আহ্বায়ক এবং ২০০৭ সালে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পান। সর্বশেষ ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর মজলিসে শূরার সিদ্ধান্তে তিনি দলটির আমির নির্বাচিত হন। এ ছাড়া তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের কেন্দ্রীয় সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন।

আইও/