
|
মালয়েশিয়ার এক রাজ্যে বছরে ১৬৭৫ জনের ইসলাম গ্রহণ
প্রকাশ:
১১ মে, ২০২৬, ০৮:৩৭ সকাল
নিউজ ডেস্ক |
মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে ২০২৫ সালে এক হাজার ৬৭৫ জন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। দেশটির ইসলামি প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এক তথ্যে এ সংখ্যা জানানো হয়েছে। এ তথ্য জানিয়েছেন দাতো সালেহুদ্দিন সাইদিন। তিনি মজলিস আগামা ইসলাম সেলাঙ্গর (এমএআইএস)-এর চেয়ারম্যান। সংস্থাটি সেলাঙ্গর রাজ্যের ইসলামি বিষয়াবলি তদারকি ও মুসলিম সমাজের উন্নয়নে কাজ করে থাকে। তিনি জানান, ইসলাম গ্রহণকারীদের মধ্যে ৭৭২ জন বিভিন্ন মসজিদভিত্তিক প্রতিষ্ঠান ও ইসলামি বেসরকারি সংস্থার অধীনে পরিচালিত কনভারশন ম্যানেজমেন্ট সেন্টারস-এর মাধ্যমে নিবন্ধিত হয়েছেন। অন্যরা এমএআইএসের প্রধান কার্যালয় এবং জেলা পর্যায়ের ইসলামি ধর্মীয় দপ্তরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম গ্রহণের নিবন্ধন সম্পন্ন করেন। সংশ্লিষ্টদের মতে, সেলাঙ্গরে ইসলাম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, দাওয়াহ কার্যক্রমের বিস্তার এবং সামাজিক সহাবস্থানের ইতিবাচক পরিবেশের কারণে ইসলাম গ্রহণকারীর সংখ্যা ধারাবাহিকভাবে বাড়ছে। উল্লেখ্য, মালয়েশিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে ইসলামি শিক্ষা, দাওয়াহ ও নতুন মুসলিমদের সহায়তায় সরকারি ও বেসরকারি পর্যায়ে নানা উদ্যোগ পরিচালিত হচ্ছে। সূত্র: ইন্টারন্যাশনাল কুরআন নিউজ এজেন্সি জেডএম/ |