
|
লাভ জিহাদ: শিক্ষিত মুসলিমদের টার্গেট করার অভিযোগ ওয়াইসির
প্রকাশ:
১১ মে, ২০২৬, ১১:১৩ দুপুর
নিউজ ডেস্ক |
ভারতের মহারাষ্ট্রের নাসিকে টিসিএস (TCS) অফিসকে ঘিরে আলোচিত তথাকথিত ‘লাভ জিহাদ’ মামলায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন। তিনি অভিযোগ করেছেন, এই মামলাকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে শিক্ষিত মুসলিম তরুণ-তরুণীদের হয়রানি করা হচ্ছে এবং মিডিয়ায় একপাক্ষিক প্রচারণা চালানো হচ্ছে। রোববার (১০ মে) চত্রপতি সম্ভাজীনগরে এক সংবাদ সম্মেলনে ওয়াইসি বলেন, আদালতের রায়ের আগেই অভিযুক্তদের বিরুদ্ধে ‘মিডিয়া ট্রায়াল’ চালানো হচ্ছে, যা ন্যায়বিচারের পরিপন্থী। তাঁর দাবি, মামলাটি শেষ পর্যন্ত আইনি পরীক্ষায় টিকবে না এবং আদালতই প্রকৃত সত্য নির্ধারণ করবে। তিনি বলেন, কেবল অভিযোগ উঠলেই কেউ অপরাধী হয়ে যায় না। অভিযোগ প্রমাণের দায়িত্ব অভিযোগকারীর। একই সঙ্গে তিনি অতীতের মালেগাঁও বিস্ফোরণ ও মুম্বাই ট্রেন বিস্ফোরণ মামলার প্রসঙ্গ টেনে বলেন, বহু মানুষ বছরের পর বছর ভোগান্তির শিকার হওয়ার পর আদালতে নির্দোষ প্রমাণিত হয়েছেন। ওয়াইসি আরও দাবি করেন, মামলার অন্যতম অভিযুক্ত নিদা খান টিসিএসের এইচআর বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন না এবং অভিযোগ দায়েরের আগেই তাঁকে অন্যত্র বদলি করা হয়েছিল। পুলিশের অভিযানে বোরকা, হিজাব ও ধর্মীয় বই উদ্ধারের বিষয়টিও তিনি প্রশ্নবিদ্ধ করেন। তাঁর ভাষায়, প্রতিটি মুসলিম পরিবারের ঘরেই কোরআন, ধর্মীয় বই বা বোরকা থাকতে পারে। এগুলোকে অপরাধের প্রমাণ হিসেবে দেখানো অযৌক্তিক। এদিকে মহারাষ্ট্রের ক্ষমতাসীন জোটের নেতারা মামলাটিকে ‘লাভ জিহাদ ষড়যন্ত্র’ হিসেবে উল্লেখ করে এআইএমআইএম–এর সম্ভাব্য সম্পৃক্ততা তদন্তের দাবি জানিয়েছেন। বিজেপি ও শিবসেনার কয়েকজন নেতা বিশেষ তদন্ত টিম (SIT) গঠনেরও আহ্বান জানিয়েছেন। সূত্র: মুসলিম মিরর জেডএম/ |