‘হাফেজ্জী হুজুর রহ. ছিলেন আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার’
প্রকাশ: ১২ মে, ২০২৬, ১১:১৭ দুপুর
নিউজ ডেস্ক

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেছেন, হাফেজ্জী হুজুর বাংলাদেশে অসংখ্য মসজিদ, মাদরাসা ও খানকাহ প্রতিষ্ঠা করেছেন। তিনি ছিলেন মুসলমানদের আধ্যাত্মিক ও রাজনৈতিক রাহবার। দল-মত নির্বিশেষে লাখো মুসলমান তাকে অনুসরণ করতেন। স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশে উলামায়ে কেরাম, পীর-মাশায়েখ ও বিভিন্ন ধারার ইসলামপন্থিদের ঐক্যবদ্ধ করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

সোমবার (১১ মে) গাজীপুরের টঙ্গীতে ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের রাজনীতিতে হাফেজ্জী হুজুর রহ.-এর অবদান’ শীর্ষক আলোচনা সভা ও বাংলাদেশ খেলাফত আন্দোলন গাজীপুর জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, প্রচলিত রাজনীতিকে হাফেজ্জী হুজুর রহ. হারাম মনে করতেন। তবে ১৯৮১ সালে জাতিকে তওবার আহ্বান জানিয়ে দেশে ইসলামি হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি মাঠে নামেন এবং প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করেন। তিনি ইসলামি রাজনৈতিক অঙ্গনের নেতাকর্মীদের জন্য আদর্শ ও অনুকরণীয় ব্যক্তিত্ব ছিলেন।

মিয়াজী আরও বলেন, কোরআন-সুন্নাহভিত্তিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে খেলাফত আন্দোলনের কাজকে এগিয়ে নিতে আন্তরিক মেহনত করতে হবে। সব ভেদাভেদ ভুলে একদিন সবাই খেলাফত আন্দোলনের পতাকাতলে ঐক্যবদ্ধ হবে এবং দেশে ইসলামি হুকুমত প্রতিষ্ঠিত হবে—ইনশাআল্লাহ।

গাজীপুর জেলা আমির মুফতী আলী হায়দার গাজীপুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা শেখ আজিমুদ্দিন, মাওলানা মুজিবুর রহমান হামিদী, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, ডা. নিয়ামত আলী ফকির, হাফেজ মাওলানা কেরামত আলী ও মাওলানা আব্দুল্লাহ মাদানী।

জেলা সাধারণ সম্পাদক ইবরাহীম খলীল নোমানী-এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আবু ইউসুফ, মুফতী আসাদুল্লাহ ও মুফতী হোসাইন প্রমুখ।

আইও/