
|
একটি মহলের ক্ষমতার লোভেই শরিয়াহ প্রতিষ্ঠা হয়নি: পীর সাহেব চরমোনাই
প্রকাশ:
১৩ জুলাই, ২০২৬, ০৮:২১ সকাল
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, বাংলাদেশের মানুষ ইসলামকে ভালোবাসে এবং ইসলামের আদর্শ ও শরিয়াহভিত্তিক রাষ্ট্রব্যবস্থা দেখতে চায়। কিন্তু একটি মহলের অতিরিক্ত ক্ষমতালিপ্সার কারণেই দেশে ইসলামি শরিয়াহভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি। রোববার (১২ জুলাই) বিকেলে পাবনার কাশীনাথপুরে একটি মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের পাবনা জেলা পূর্ব শাখার মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কোনো রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তিনি অভিযোগ করেন, ক্ষমতায় যাওয়ার আশায় কিছু দল বিদেশি শক্তির অনুকম্পা লাভের উদ্দেশ্যে তাদের নির্বাচনী ইশতেহার থেকে ‘ইসলাম’ শব্দটি বাদ দিয়েছে এবং ইসলামি শরিয়াহর আলোকে দেশ পরিচালনা করবে না বলে আশ্বাস দিয়েছে। তিনি বলেন, যারা ইসলামের কথা বলে জনগণকে বিভ্রান্ত করে, তাদের ব্যাপারে দেশবাসীকে সচেতন ও সতর্ক থাকতে হবে। দেশের চলমান বন্যা পরিস্থিতির প্রসঙ্গ তুলে মুফতি রেজাউল করীম বলেন, ভয়াবহ বন্যায় বহু মানুষ দুর্ভোগের মধ্যে রয়েছেন। তিনি বন্যাকবলিত ও পানিবন্দী মানুষের পাশে দাঁড়াতে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি ত্রাণ কার্যক্রম জোরদার করা এবং দুর্গতদের উদ্ধারে আরও কার্যকর উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, ধর্ষণ, হত্যা, চাঁদাবাজিসহ সমাজের বিভিন্ন অপরাধ নির্মূলে কোরআনের বিধান বাস্তবায়নের বিকল্প নেই। তিনি বলেন, প্রকৃত স্বাধীনতা এবং শোষণ-বঞ্চনামুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য সর্বস্তরে আল্লাহর আইন কার্যকর করতে হবে। অধিবেশনের শেষপর্বে মাওলানা সোলাইমান জাহাঙ্গীরকে সভাপতি এবং মো. রাশিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাবনা জেলা পূর্ব শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করেন দলের আমির। অনুষ্ঠানে জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতৃবৃন্দ এবং শুরা সদস্যরা উপস্থিত ছিলেন। আইও/ |