ফরিদপুরে ৫ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
প্রকাশ: ১৪ জুলাই, ২০২৬, ০২:০১ দুপুর
নিউজ ডেস্ক

ফরিদপুর প্রতিনিধি:

দেশে চলমান প্রতিকূল পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিত না-হওয়া ও পরীক্ষার হলে অসন্তুষজনক কর্মকাণ্ডকে কেন্দ্র করে ৫ দফা দাবি জানিয়ে মানববন্ধন, বিক্ষোভ-মিছিল ও পথসভা কর্মসূচির করেছে ফরিদপুরের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

কর্মসূচিতে প্রশ্নপত্রের কাঠিন্য, পরীক্ষা ব্যবস্থাপনা, ফলাফল মূল্যায়ন এবং চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা স্থগিতসহ পাঁচ দফা দাবি তুলে ধরেন। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও জানান।

শিক্ষার্থীদের ঘোষিত দাবির মধ্যে রয়েছে—প্রশ্নপত্রের কঠিনতা ও পরীক্ষার হলে মাত্রাতিরিক্ত কঠোর গার্ডের বিষয়ে ব্যবস্থা গ্রহণ, বন্যাজনিত কারণে পরীক্ষা স্থগিতের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগের ন্যায্য ব্যাখ্যা প্রদান, মানবিক ও শিক্ষার্থীবান্ধব খাতা মূল্যায়নের জন্য শিক্ষকদের প্রতি আহ্বান, পদার্থবিজ্ঞানসহ কঠিন বিষয়গুলোর ফলাফলে শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনা করে অযৌক্তিক ক্ষতি রোধ এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, ‘তাদের আন্দোলন সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে পরিচালিত হচ্ছে।’

তাদের দাবি, বর্তমান শিক্ষা ব্যবস্থার বিভিন্ন ত্রুটির কারণে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলমান বন্যা পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা আয়োজন বাস্তবসম্মত নয় বলেও তারা দাবি করেন।

শিক্ষার্থীরা আরও বলেন, বর্তমান কারিকুলামে অনুষ্ঠিতব্য পরীক্ষা শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও মনন যথাযথভাবে মূল্যায়ন করতে সক্ষম নয়। সারাদেশের বন্যা পরিস্থিতি বিবেচনায় অবিলম্বে সকল পরীক্ষা স্থগিতের দাবি জানিয়ে তারা সরকারের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিও পুনর্ব্যক্ত করেন।

কর্মসূচিতে বক্তব্য দেন শিক্ষার্থী শর্মিষ্ঠা কর্মকার, তাজুল ইসলাম তুহিন, জুনায়েদ আহমেদ, মোহাম্মদ রকিব, সাইমা আক্তার, মেধা আক্তার ও ফকির মোহাম্মদ রাইম।

পরে শিক্ষার্থীরা প্রেসক্লাবের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং পাঁচ দফা দাবির সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। এ সময় কিছুক্ষণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। কর্মসূচি থেকে আগামীকাল (বুধবার) দুপুর ১টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে পরীক্ষা বাতিল ও পাঁচ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়।

আওয়ার ইসলাম/জেডএম