
|
পরীক্ষা স্থগিত ও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি ইসলামী ছাত্র আন্দোলনের
প্রকাশ:
১৪ জুলাই, ২০২৬, ০৪:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক দেশব্যাপী চলমান অতিবৃষ্টি, বন্যা, পাহাড়ি ঢল ও জলাবদ্ধতার কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা সাময়িকভাবে স্থগিতের দাবি জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। একই সঙ্গে শিক্ষা প্রশাসনের সমন্বয়হীনতা ও সাম্প্রতিক সিদ্ধান্তের নৈতিক দায় নিয়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়টি সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছে সংগঠনটি। মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর আইসিএবি মিলনায়তনে অনুষ্ঠিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের ষান্মাসিক পর্যালোচনা বৈঠকে সভাপতির বক্তব্যে এসব দাবি জানান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ। তিনি বলেন, টানা বর্ষণ, বন্যা ও জলাবদ্ধতায় দেশের বিভিন্ন অঞ্চলে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়েছে। বহু এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং অসংখ্য শিক্ষার্থী নিরাপদে পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারছে না। এমন পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া শিক্ষার্থীদের জন্য বাড়তি দুর্ভোগ, নিরাপত্তা ঝুঁকি ও মানসিক চাপ সৃষ্টি করবে। মুনতাছির আহমাদ অভিযোগ করেন, শিক্ষা প্রশাসনের সমন্বয়হীনতা ও দায়িত্বহীন সিদ্ধান্তের কারণে সম্প্রতি শিক্ষার্থীদের মধ্যে চরম অনিশ্চয়তা ও ভোগান্তির সৃষ্টি হয়েছে। পরীক্ষা আয়োজনকে কেন্দ্র করে সৃষ্ট বিভ্রান্তি ও অব্যবস্থাপনার ফলে অনেক পরীক্ষার্থী কাঙ্ক্ষিতভাবে পরীক্ষায় অংশ নিতে পারেনি। শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন অপরিকল্পিত সিদ্ধান্ত গ্রহণযোগ্য নয় বলেও তিনি মন্তব্য করেন। তিনি বলেন, এ ঘটনায় দায়ীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি শিক্ষামন্ত্রীর নৈতিক দায় স্বীকার করে পদত্যাগের বিষয়টিও সরকারকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। বৈঠকে নেতৃবৃন্দ বলেন, উচ্চ মাধ্যমিক পর্যায়ের এই পরীক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। তাই দুর্যোগ পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি ও আলিম সমমানের পরীক্ষা স্থগিত রাখা প্রয়োজন। একই সঙ্গে পুনর্নির্ধারিত পরীক্ষার সময়সূচি এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পায়। তারা আরও বলেন, দুর্যোগের এই সময়ে মানুষের জীবন, নিরাপত্তা ও মানবিক প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। তাই বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি ঘোষণার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। ষান্মাসিক পর্যালোচনা বৈঠকে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, তথ্য, গবেষণা ও প্রযুক্তি সম্পাদক এস এম কামরুল ইসলাম, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, আইন ও মানবাধিকার সম্পাদক ইউসুফ পিয়াস, দক্ষতা উন্নয়ন ও বিতর্ক সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মনজু, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, অর্থ ও কল্যাণ সম্পাদক তানভীর আহমাদ শোভন, স্কুল ও কলেজ সম্পাদক মুহাম্মাদ আব্দুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক মুহাম্মাদ রাজন শিকদার, কওমি মাদরাসা সম্পাদক বি. এম. মাহদী আল-হাসান এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক নূরে আলম সিদ্দিকীসহ কেন্দ্রীয় নেতারা। আওয়ার ইসলাম/জেডএম |