সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০
প্রকাশ: ১৫ জুলাই, ২০২৬, ১০:১৯ দুপুর
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বংশালে একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১৫ জুলাই) সকালে বংশালের আলু বাজার এলাকার একটি সেলুনে এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— মো. ফারুক, রিংকু, রনি, জসিম, রফিক, সামশেদ, পাপ্পু, সাকিব, আরমান ও রাজু।

ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত এগিয়ে আসেন এবং দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। আহতরা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, সকালে সেলুনটিতে কাজ চলার সময় হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেলুনে থাকা কর্মী ও গ্রাহকরা দগ্ধ হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এদের মধ্যে ফারুকের শরীরের সর্বোচ্চ ৫০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া রিংকুর ২১ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ, রফিকের ১২ শতাংশ, সামশেদের ১৫ শতাংশ, রাজুর ১৮ শতাংশ, পাপ্পুর ১৮ শতাংশ, সাকিবের ১ শতাংশ এবং আরমানের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, সাকিবকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য নয়জনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আওয়ার ইসলাম/জেডএম