পানিতে ডুবে ৩ মাদরাসাছাত্রীর মৃত্যু
প্রকাশ: ১৬ জুলাই, ২০২৬, ০২:৪৭ দুপুর
নিউজ ডেস্ক

নরসিংদীর রায়পুরায় পানিতে ডুবে ৩ মাদরাসাছাত্রীর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। 

মৃত তিন শিশু হলো- বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩ ), রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও রুবেল মিয়ার মেয়ে জান্নাত (৮)।  তারা সবাই বড়কান্দা এলাকার গাউসিয়া নুরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার চান্দেরকান্দি ইউনিয়নের বরকান্দা এলাকায় গাউসিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থীদের সকালে ক্লাস শুরু হয়। ক্লাস শেষে টিফিন পিরিয়ড শুরু হয়। এ সময় ৬ জন শিশু শিক্ষার্থী মাদরাসার পার্শ্ববর্তী একটি বিলে গোসল করতে নামে। ওই সময় এক ছাত্রী পানিতে তলিয়ে যায়। তাকে উদ্ধার করতে এগিয়ে যায় বাকি ৫ ছাত্রী। ওই সময় তাদের মধ্যে ৩ জন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। 

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিবুর রহমান বলেন, পানিতে ডুবে ৩ শিশু মৃতের খবর পেয়েছি। হাসপাতালে ৩ জনের লাশ পেয়েছি। শুনেছি আরও একজনের মৃত্যু হয়েছে। আমরা সেখানে যাচ্ছি। 

আইও/