ইরানের সেতু, রেলস্টেশন ও বেসামরিক স্থাপনায় হামলা, হতাহত ১৬
প্রকাশ: ১৭ জুলাই, ২০২৬, ০৩:৩৬ দুপুর
নিউজ ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক: 

ইরানের সামরিক স্থাপনাগুলোর পাশাপাশি এবার সেতু, বিদ্যুৎকেন্দ্র, বিমানবন্দর এবং রেলস্টেশনের মতো বেসামরিক স্থাপনাগুলোকেও প্রথমবারের মতো লক্ষ্য করে অভিযান পরিচালনা করেছে মার্কিন বাহিনী। এসব হামলায় অন্তত ৭ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৯ জন।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবাগত রাতে এ হামলা চালানো হয় বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে এক প্রতিবেদনে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি। 

প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন বাহিনীর হামলায় ইরানের ৩টি সেতু, একটি ট্রেন স্টেশন এবং একটি বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরানের সংবাদমাধ্যমগুলো দাবি করেছে মার্কিন বাহিনীর হামলায় ইরানের বেশ কয়েকটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্রের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানের আহভাজ, কেশম, বুশেহের, দাশতি, বোস্তান, সিরিক, বন্দর-ই লেঙ্গেহ, বন্দর-ই খামির, বন্দর আব্বাস শহর এবং হরমুজগান প্রদেশের বিভিন্ন জেলায় বড় আকারে বিমান অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী।

যে তিনটি সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে—সব বন্দর-ই খামির শহরের। এছাড়া বন্দর আব্বাসের একটি রেলস্টেশন এবং বিদ্যুৎকেন্দ্রও মার্কিন হামলার শিকার হয়েছে।

সূত্রে আরও জানানো হয়, হরমুজগান প্রদেশে শুধু সড়ক, রেলওয়ে এবং বিমানবন্দরে হামলা হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম ফার্স নিউজ জানিয়েছে, গতকাল হরমুজগান প্রদেশের ইরানশাহর শহরে একটি বিমানবন্দর মার্কিন হামলায় বিধ্বস্ত হয়েছে। এছাড়া কিশ দ্বীপে বিমান অভিযানের কারণে হরমুজগান প্রদেশের কিছু এলাকা অল্পসময়ের জন্য বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিল।

প্রসঙ্গত, গতরাতে হামলার মাধ্যমে ইরানে মার্কিন বাহিনীর অভিযানের টানা ষষ্ঠ দিন পূর্ণ হলো।গত ১৪ জুলাই মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে ট্রাম্প বলেছিলেন, ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরে রাজি না হয়—তাহলে দেশটির সামরিক কাঠামোর পাশাপাশি বিদ্যুৎকেন্দ্র, সেতুর মত অত্যাবশ্যকীয় বেসামরিক কাঠামোগুলোকেও হামলার লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে মার্কিন বাহিনী। তিনি এই হুমকি প্রদানের ২ দিনের মাথায় ইরানের একাধিক বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু করল মার্কিন বাহিনী।

সূত্র: এএফপি, এনডিটিভি, এসএমডব্লিউ

আওয়ার ইসলাম/জেডএম