‘ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় যুবসমাজকে অগ্রণী ভূমিকা রাখতে হবে’
প্রকাশ: ১৮ জুলাই, ২০২৬, ০৮:২৯ সকাল
নিউজ ডেস্ক

নিজস্ব প্রতিবেদক:

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) নরসিংদীর ভেলানগরস্থ আইজেএবি জেলা কার্যালয় ‘তায়েফ মহল’-এ জেলা শাখার উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।

নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি সাইদ আহমদ সরকারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এম. এম. মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের জয়েন্ট সেক্রেটারি জেনারেল মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব। বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা আরিফুল ইসলাম মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি রহমাতুল্লাহ বিন হাবিব বলেন, আদর্শবান, নৈতিক ও দক্ষ যুবসমাজ গড়ে তোলার মাধ্যমেই একটি ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা সম্ভব। এ লক্ষ্যে ইসলামী যুব আন্দোলনের কর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দাওয়াতি কার্যক্রম, মানবসেবা এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় সর্বস্তরের যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, যুবসমাজই একটি জাতির সবচেয়ে শক্তিশালী সম্পদ। তাদের সঠিক আদর্শ ও নেতৃত্বের মাধ্যমে দেশ, সমাজ এবং রাষ্ট্রে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তাই ইসলামী আদর্শে উজ্জীবিত যুবশক্তিকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হতে হবে।

সমাবেশে নরসিংদী জেলা শাখার বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের গত এক দশকের কার্যক্রম পর্যালোচনা করা হয় এবং ভবিষ্যতে সাংগঠনিক সম্প্রসারণ, যুবসমাজের মাঝে ইসলামী আদর্শ প্রচার এবং সামাজিক ও মানবিক কার্যক্রম জোরদারের লক্ষ্যে বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

আওয়ার ইসলাম/জেডএম