
|
কুরআনের হিফজ সম্পন্ন করায় আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীকে সংবর্ধনা
প্রকাশ:
১৮ জুলাই, ২০২৬, ১০:০৮ রাত
নিউজ ডেস্ক |
নিজস্ব প্রতিবেদক খিলগাঁও সিপাহীবাগের আমানাহ ইন্টারন্যাশনাল স্কুলের কৃতী শিক্ষার্থী তাসনিম বিনতে তৌহিদকে পবিত্র কুরআনের হিফজ সম্পন্ন করায় বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) বিকেলে স্কুলের নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে এই সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভুইয়াপাড়া নূরানী জামে মসজিদের খতিব মাওলানা আবু তাহের। তিনি তাঁর বক্তব্যে বলেন, ‘আল্লাহ তাআলা নিজেই কুরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। আজকের এই হিফজ সমাপনী অনুষ্ঠান সেই প্রতিশ্রুতিরই একটি বাস্তব নমুনা। শিশুদের হিফজের মাধ্যমেই যুগে যুগে কুরআন সংরক্ষিত হয়ে আসছে। হাফেজে কুরআনের মা-বাবাকে কিয়ামতের দিন নূরের তাজ পরিয়ে সম্মানিত করা হবে। এছাড়া আল্লাহর অনুমতিতে একজন হাফেজ তাঁর স্বজনদের মধ্য থেকে দশজন জাহান্নামির জন্য সুপারিশ করতে পারবেন।’ অনুষ্ঠানে হাফেজার বাবা তাঁর অনুভূতি প্রকাশ করে বলেন, ‘আমার মেয়েকে কুরআন হাফেজা বানানো একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। তবুও আল্লাহ কবুল করেছেন। সন্তানের এ অর্জন আমাদের পরিবারের জন্য আল্লাহর বিশেষ অনুগ্রহ। এই সাফল্যের পেছনে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা ও দোয়া রয়েছে। আমরা তাঁদের প্রতি কৃতজ্ঞ।’ স্কুলের প্রিন্সিপাল ফজলুর রহমান বলেন, ‘আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই সম্মানিত অভিভাবকদের, যাঁদের ত্যাগ, ধৈর্য ও দোয়ার মাধ্যমে এই অর্জন সম্ভব হয়েছে। এখানে আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআন ও সুন্নাহভিত্তিক আদর্শ শিক্ষা নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও কুরআনের আলোয় আলোকিত প্রজন্ম গড়ে তুলতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’ আইও/ |