
|
আরাফার দিন নয়, মহররমের প্রথম দিনে বদলানো হবে কাবার গিলাফ
প্রকাশ:
২৬ মে, ২০২৬, ০৫:১৭ বিকাল
নিউজ ডেস্ক |
পবিত্র কাবাঘরের গিলাফ বা কিসওয়া পরিবর্তনের শতাব্দীপ্রাচীন ঐতিহ্যে সাম্প্রতিক বছরগুলোতে এসেছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। আগে প্রতি বছর হজের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ৯ জিলহজ তথা আরাফার দিন কাবার গিলাফ পরিবর্তন করা হলেও এখন তা অনুষ্ঠিত হচ্ছে নতুন হিজরি বছরের প্রথম দিন, অর্থাৎ ১ মহররমে। সৌদি আরবের কর্তৃপক্ষ জানিয়েছে, ১৪৪৮ হিজরির নতুন কিসওয়া স্থাপনের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে ১ মহররমে। এর মাধ্যমে সাম্প্রতিক বছরগুলোর ধারাবাহিকতা বজায় থাকছে। ঐতিহাসিকভাবে আরাফার দিন কাবার গিলাফ পরিবর্তনের প্রথা বহু শতাব্দী ধরে চলে আসছিল। হজের সময় লাখো মুসল্লির উপস্থিতির কারণে এই অনুষ্ঠান মুসলিম বিশ্বের বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল। তবে অতিরিক্ত ভিড়, নিরাপত্তা ও ব্যবস্থাপনাগত বিষয় বিবেচনায় সৌদি কর্তৃপক্ষ কয়েক বছর আগে সময়সূচিতে পরিবর্তন আনে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ইসলামি নতুন বছরের সূচনালগ্নে কাবার নতুন গিলাফ পরানো হচ্ছে। এর ফলে হজ মৌসুমের ব্যস্ততার বাইরে আরও সুশৃঙ্খলভাবে পুরো কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। পবিত্র কাবার কিসওয়া বিশ্বের অন্যতম মূল্যবান ধর্মীয় বস্ত্র হিসেবে পরিচিত। কালো রেশমের কাপড়ে স্বর্ণ ও রৌপ্যের সুতা দিয়ে পবিত্র কুরআনের আয়াত খচিত থাকে এতে। সৌদি আরবের মক্কায় অবস্থিত কিং আবদুল আজিজ কমপ্লেক্স ফর কিসওয়াতুল কাবায় অত্যন্ত দক্ষ কারিগরদের মাধ্যমে প্রতি বছর এটি তৈরি করা হয়। কিসওয়া পরিবর্তনের পুরো প্রক্রিয়াটি অত্যন্ত মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়। পুরোনো গিলাফ সরিয়ে নতুন গিলাফ স্থাপনের সময় বিশেষ প্রশিক্ষিত কর্মীরা অংশ নেন। পরে পুরোনো কিসওয়ার বিভিন্ন অংশ বিশ্বের বিভিন্ন ইসলামি প্রতিষ্ঠান, জাদুঘর ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের উপহার হিসেবেও দেওয়া হয়। সূত্র: ইনসাইট দ্য হারামাইন এমএম/ |