গরু নিয়ে হাটে যাওয়ার পথে গাড়ি উল্টে ব্যবসায়ীর মুত্যু
প্রকাশ: ২৬ মে, ২০২৬, ০৫:৫০ বিকাল
নিউজ ডেস্ক

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বামিয়া হাটে গরু নিয়ে যাওয়ার পথে গাড়ি উল্টে মিজানুর রহমান (৩৬) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের সাত বছরের শিশুসন্তানসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ মে) দুপুর সোয়া ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের খিরোল গ্রামের শামসুর রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিজের খামারের গরু বিক্রির উদ্দেশ্যে নসিমনে করে বামিয়া হাটে যাচ্ছিলেন মিজানুর রহমান ও তার পরিবারের সদস্যরা। ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। 

এতে ঘটনাস্থলেই মিজানুর রহমান মারা যান। এ সময় তার শিশুসন্তানসহ আরও তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

কয়রা থানার পরিদর্শক (তদন্ত) শাহ আলম জানান, বামিয়া গরুর হাটে যাওয়ার পথে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গরু বোঝাই ভটভটি উল্টে একজনের মৃত্যু হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

আইও/