
|
শোলাকিয়া ঈদগাহের প্রস্তুতি প্রায় সম্পন্ন, ঈদ জামাত সকাল ৯টায়
প্রকাশ:
২৬ মে, ২০২৬, ১০:৩১ রাত
নিউজ ডেস্ক |
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে এবার ১৯৯তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল ৯টার জামাতে ইমামতি করবেন শহরের বড় বাজার জামে মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ। মঙ্গলবার (২৬ মে) দুপুরে শোলাকিয়া ঈদগাহ ময়দানে আয়োজিত ঈদপূর্ব প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান জেলা প্রশাসক ও ঈদগাহ কমিটির সভাপতি সোহানা নাসরিন। এছাড়া পুলিশ সুপার মিজানুর রহমান জানান, মুসল্লিদের কেবল জায়নামাজ সঙ্গে আনার জন্য অনুরোধ করা হয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিপুল সংখ্যক পুলিশের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি, র্যাব, সিআইডি, পিবিআই এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। তিনি আরও জানান, নিরাপত্তা ব্যবস্থায় ড্রোন ক্যামেরা, ওয়াচ টাওয়ার, সিসিটিভি ক্যামেরা, আর্চওয়ে, মেটাল ডিটেক্টর এবং এন্টি টেররিজম ইউনিটের বোমা নিষ্ক্রিয়করণ দল কাজ করবে। জেলা প্রশাসক সোহানা নাসরিন বলেন, দূরবর্তী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ঈদের দিন সকালে ভৈরব ও ময়মনসিংহ থেকে দুটি বিশেষ ‘শোলাকিয়া স্পেশাল’ ট্রেন পরিচালনা করবে রেলওয়ে বিভাগ। ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। শোলাকিয়ার দীর্ঘদিনের ঐতিহ্য অনুযায়ী জামাত শুরুর ১০ মিনিট আগে তিনটি, পাঁচ মিনিট আগে দুটি এবং এক মিনিট আগে একটি শর্টগানের গুলি ছুড়ে জামাত শুরুর সংকেত দেওয়া হবে। এমএম/ |